সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই পূজা ও পুণ্যস্নান কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে উল্লেখ্য যে, বিগত বছরগুলোর মতো এবারও রাসমেলা আয়োজন করা হচ্ছে না।
বন বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী, তীর্থযাত্রীরা লঞ্চ, ট্রলার, স্পিডবোট কিংবা দেশি নৌকার মাধ্যমে নির্ধারিত এই পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুরো যাতায়াত প্রক্রিয়ায় বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ডের টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
অনুমোদিত পাঁচটি নৌপথের বিস্তারিত বিবরণ নিম্নরূপ: প্রথম পথটি বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে শুরু হয়ে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চরে পৌঁছাবে। দ্বিতীয় পথটি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চরে যাবে। তৃতীয় পথটি নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী হয়ে দুবলার চরে পৌঁছাবে। চতুর্থ পথটি ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদ হয়ে দুবলার চরে যাবে। আর পঞ্চম পথটি বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরের দিক দিয়ে দুবলার চরে পৌঁছাবে।
তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জন্য ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের প্রবেশ অনুমতির ব্যবস্থা করা হয়েছে। এই অনুমতির জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনকারী ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী নির্ধারিত পথগুলোর মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন।
বন বিভাগের নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে শুধুমাত্র দিনের বেলা চলাচল করা যাবে এবং বন বিভাগের নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোনো স্থানে নৌযান থামানো সম্পূর্ণ নিষিদ্ধ।
সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে একটি টিকিট বা টোকেন প্রদান করা হবে, যা বনাঞ্চলে অবস্থানকালীন সময়ে অবশ্যই সঙ্গে রাখতে হবে।
নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় নৌযান এবং পুণ্যস্নানস্থলে যেকোনো ধরনের বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল বা করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ দূষণ রোধে সুন্দরবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন—প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া নিষিদ্ধ। এছাড়া লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ করা হয়েছে। বনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “এ বছরও রাসমেলা হবে না। শুধু পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই আলোরকোলে যেতে পারবেন।”
উল্লেখ্য, দুবলার চরের আলোরকোল একটি সংরক্ষিত বনাঞ্চল। ২০১৯ সালে ১০ থেকে ১২ নভেম্বর রাসমেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই বছরের ১০ নভেম্বর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানায় বন বিভাগ সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ করে দেয়। ফলে ওই বছর রাসমেলা অনুষ্ঠিত হয়নি, তবে মেলা উদ্যাপন কমিটির সদস্যরা সেখানে গিয়ে পূজা ও স্নান সম্পন্ন করেন।
বন বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে রাসমেলাকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হতেন। বন বিভাগের জনবল সীমিত হওয়ায় এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ২০২০ সাল থেকে দুবলার চরের রাসমেলা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সেখানে রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে।