জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতৃত্ব ও কর্মীদের ওপর হামলা, হুমকি এবং হেনস্তার ঘটনা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনার এক উদ্বেগজনক ধারা পরিলক্ষিত হচ্ছে। গত দুই সপ্তাহের মধ্যেই অন্তত আটটি পৃথক ঘটনার কথা জানা গেছে, যেখানে এই তরুণদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আক্রান্তদের বাড়িতে অগ্নিসংযোগ, চাপাতি দিয়ে হামলা, প্রাণনাশের হুমকি এবং এমনকি বিদেশে অবস্থানকালীন সময়েও হেনস্তার শিকার হচ্ছেন তাঁরা। নির্দিষ্ট তারিখ ও ঘটনার বিবরণ অনুযায়ী, ১৯ নভেম্বর সিরাজগঞ্জের মাহিন সরকার এবং গোপালগঞ্জের মুসাদ্দিক আলীর বাড়িতে আগুন দেওয়া হয়। এর আগের দিন, ১৮ নভেম্বর নেত্রকোনার খান তালাত মাহমুদ রাফির বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ১১ নভেম্বর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উল্লেখ্য, এই হামলার শিকার হওয়া তরুণদের অনেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত রয়েছেন।