বগুড়া শহরের জলেশ্বরীতলায় অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওই রাজনৈতিক দল। এই অরাজক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তির দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির বগুড়া জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ বলেন, “রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু অগ্নিসংযোগ বা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না।”

তিনি আরও উল্লেখ করেন যে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এই বিষয়ে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, রাজনীতির মূল ভিত্তি হলো সহনশীলতা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা। সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা ভয়ভীতি প্রদর্শন করে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা দমিয়ে রাখা সম্ভব নয়।

এনসিপির নেতারা বগুড়াসহ সারা দেশের সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে তারা রাজনৈতিক বিরোধগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

গত বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে জলেশ্বরীতলায় এনসিপির জেলা কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। দলের অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ এবং ধারণকৃত ভিডিওতে দেখা যায়, তিন যুবক কার্যালয়ে পেট্রোলজাতীয় পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে এবং আরও একজন ব্যক্তি মুঠোফোনে সেই পুরো দৃশ্য ধারণ করছেন।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এনসিপি বগুড়া জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জিম, সাংগঠনিক সম্পাদক (দপ্তর) মো. মাইনুল ইসলাম, মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুস সবুর সুমন, এফ এম মাহমুদুল হক রাকিব, আল মোক্তাদির দিপ, যুবনেতা মহিদুল আলম মিসু, স্বপ্ন, শ্রমিক নেতা এবং ছাত্রশক্তির সদস্যসচিব মো. সৈকত আলী ও রাব্বি মন্ডলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।