মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে নিয়মিত আয়োজিত হয়ে থাকে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২০ মে কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৭৮তম অনলাইন পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল— ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' অনুষ্ঠানের বিস্তারিত আলোচনার মধ্য থেকে একটি বিশেষ পরামর্শ এখানে তুলে ধরা হলো।

ই-সিগারেট বা ভ্যাপিংয়ের ফলে ফুসফুসের ওপর শারীরিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, সে বিষয়ে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, “সৃষ্টিকর্তা আমাদের ফুসফুস দিয়েছেন এক অপূর্ব রহস্যময় উপহার হিসেবে। আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি, কান্নার মাধ্যমে আমাদের ফুসফুসটা খুলে যায় এবং বাতাস ও অক্সিজেন প্রথম প্রবেশ করে। এই ফুসফুসকে আমাদের রক্ষা করতে হবে । কিন্তু ভ্যাপিংয়ের কারণে বিশ্বজুড়ে এখন একটা নতুন রোগ ছড়াচ্ছে, যার নাম 'ইভেলি' (EVALI - E-cigarette or Vaping Associated Lung Injury)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার সিডিসি এটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই রাসায়নিক বাষ্প ফুসফুসের ভেতরের বায়ুথলিগুলোকে স্থায়ীভাবে ধ্বংস করে দেয়। সুতরাং ই-সিগারেট বা ভ্যাপিং থেকে আমাদের দূরে থাকতেই হবে।”