বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংঘটিত সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ। তাকে দ্রুত মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন বোর্ডের শীর্ষ নেতারা।

গত শুক্রবার (২০ নভেম্বর) মাওলানা রেজাউল হকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বোর্ডের নেতারা মুফতি রুহুল আমিনের গুণকীর্তন করে বলেন, “মুফতি রুহুল আমিন একজন আল্লাহভীরু নিষ্ঠাবান আলেম। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের ধর্মীয় বিদ্বেষ প্রকাশ পেয়েছে। সরকার মূলত ইসলামবিরোধী শক্তির ফাঁদে পা দিয়ে ধর্মীয় অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

বোর্ডের নেতারা আরও সতর্ক করে দিয়ে বলেন, “অতীতেও কোনো সরকার আলেম-উলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সফল হয়নি। বর্তমান সরকারও সফল হবে না। ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই লাখ লাখ আলেম-উলামার উস্তাদ আল্লামা মুফতি রুহুল আমিনকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এবং এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।”

এই দাবির পেছনে রয়েছেন বোর্ডের সভাপতি, দেশের বিভিন্ন প্রান্তের প্রথিতযশা আলেম এবং গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিমসহ কওমি মাদরাসার শীর্ষ নেতৃত্ব।

বিবৃতিতে স্বাক্ষরকারী আলেমদের মধ্যে রয়েছেন মাওলানা নূরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মুফতি নূরুল ইসলাম, মুফতি মুঈন উদ্দীন, মুফতি সাখাওয়াতুল্লাহ, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মাদ তাসনীম, মুফতি উসামা আমিন, মাওলানা অজিহুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা হায়াত আলী, মাওলানা আশেকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, হা. আবুল হাসানাত, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা ঝিনাত আলী, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা তলহা, মুফতি মোস্তফা কসেম, মাওলানা মিঝানুর রহমান, মাওলানা ওলি উল্লাহ, মুফতি মুঈনুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা ফখরুল আলম, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নিজামুদ্দীন, মাওলানা মিরাজুল হক, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আ. ছবুর, মাওলানা হাশমাতুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা বশির আহমাদ এবং মাওলানা মাকসুদুল হক সাহেব।

উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরের সংঘর্ষের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালত ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।