মাত্র ১১৩ ইউরো।

কারাগারের ভেতরে কাজ করে এই সামান্য অংকের টাকাটাই পেতেন দানি আলভেস। যিনি একসময় বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে ফুটবল মাঠে রাজত্ব করেছেন। লাখ লাখ, কোটি কোটি ইউরো আয় করা সেই মানুষটি এখন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে দাবি করছেন, কারাগারে পাওয়া ওই ১১৩ ইউরোতেই তিনি বেশি সুখী ছিলেন।

কথাটি শুনতে সহজ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে দুটি সম্পূর্ণ বিপরীত জীবন। একদিকে ক্যাম্প ন্যু-র ঝলমলে আলো আর হাজারো দর্শকের উল্লাস, অন্যদিকে কারাগারের সেই নিঃশব্দ করিডর, যেখানে মানুষের নিজের সঙ্গে নিজের দেখা হয় সবচেয়ে বেশি।

বার্সেলোনার কাছে ব্রিয়েন্স ২ কারাগারে কাটানো ১৪ মাসের স্মৃতিচারণ করে সম্প্রতি এই কথাগুলো বলেছেন আলভেস। তিনি এখন একজন ধর্মপ্রচারক। এক ধর্মীয় সমাবেশে তাঁর বক্তব্য, “আমি তখন লাখ লাখ ইউরো আয় করতাম, ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু যখন আমি লাখ লাখ ইউরো আয় করতাম, তার চেয়ে বেশি সুখী ছিলাম কারাগারে ১১৩ ইউরো আয় করে!” লাখ লাখ ইউরোর ভিড়ে যা পাননি, তা তিনি খুঁজে পেয়েছেন এই সামান্য ১১৩ ইউরোতে।

আলভেসের ভাষায়, “আমি ৪০ বছর বন্দী ছিলাম, কিন্তু কারাগারেই আমি সত্যিকারের মুক্ত হয়েছি।”

বর্তমান আলভেসকে বুঝতে হলে তাঁর অতীত দিকে তাকাতে হয়। ফুটবল মাঠের ডান প্রান্তে একসময় তাঁর ছিল অবাধ আধিপত্য। আক্রমণে উঠে যাওয়া এবং প্রয়োজনে দ্রুত রক্ষণে ফিরে আসার দক্ষতায় পুরো ফুটবলবিশ্ব তাঁর পরিচিত ছিল। বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ক্যারিয়ারে মোট ৪৬টি শিরোপা জিতেছেন আলভেস। কাতালান ক্লাবটির হয়ে ৪০৯ ম্যাচে ২৩ গোল করেছেন এবং জিতেছেন ২৩টি ট্রফি, যার মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা অন্তর্ভুক্ত। এছাড়া জুভেন্টাসের হয়ে সিরি আ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ জিতেছেন তিনি। ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচে খেলে ২০০৭ ও ২০১৯ সালের কোপা আমেরিকা এবং ২০০৯ ও ২০১৩ সালের কনফেডারেশনস কাপ জয় করেছেন। ট্রফির এই দীর্ঘ তালিকা ঈর্ষণীয় হলেও আলভেসের উপলব্ধি এখন ভিন্ন; তাঁর মতে, সুখের সঙ্গে সাফল্যের হিসাব সব সময় মেলে না।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি গ্রেপ্তার হন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড প্রদান করেন। বিচারের আগেই তিনি প্রায় ১৪ মাস কারাগারে কাটিয়েছিলেন। সে বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে তিনি সাময়িক মুক্তি পান।

পরবর্তীতে ২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলে আগের রায় বাতিল করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, পূর্ববর্তী রায়ে বেশ কিছু অসংগতি ছিল এবং তাঁকে নির্দোষ ধরে নেওয়ার অনুমান নাকচ করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আইনি লড়াই শেষ হলেও আলভেসের কাছে মুক্তির অর্থ এখন আরও গভীর ও ব্যক্তিগত।

সম্প্রতি নিজের জীবনের পরিবর্তনের গল্প বলতে গিয়ে আলভেস লিখেছেন, “আমি ৪০ বছর বন্দী ছিলাম, কিন্তু কারাগারেই আমি সত্যিকারের মুক্ত হয়েছি। ৪০ বছর আমি আমার পাপ, আমার ভুল আর আমার সিদ্ধান্তের কাছে বাঁধা ছিলাম। বাইরে থেকে হয়তো আমাকে মুক্ত মনে হতো, কিন্তু ভেতরে আমি শিকলে বাঁধা ছিলাম।”

তিনি আরও বলেন, “কারাগার থেকে বেরিয়েছি বলে আমি মুক্ত, এমন নয়। যিশু আমাকে পাপ থেকে মুক্ত করেছেন বলেই আমি মুক্ত। তোমার পা কোথায় আছে তার ওপর সত্যিকারের স্বাধীনতা নির্ভর করে না, নির্ভর করে তোমার হৃদয়ে কে রাজত্ব করছে তার ওপর।” ঈশ্বরের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠস্বর হয়ে ওঠে নরম, “আমি অনেক প্রশ্ন করি। আমি তাঁর সামনে এক শিশু। সবকিছু নিয়েই তাঁকে প্রশ্ন করি।”

৪৩ বছর বয়সী আলভেস এখন ফুটবল মাঠের বদলে ধর্মীয় মঞ্চে কথা বলেন। সম্প্রতি আর্জেন্টিনা সফর করে তিনি ধর্মীয় বক্তৃতা দিয়েছেন। পাশাপাশি পর্তুগালের ক্লাব সাও জোয়াও দি ভেরের সহমালিকও তিনি। তবে জীবনের এই নতুন মোড়ে সবকিছু মসৃণভাবে চলছে না।

২০১৭ সালে স্প্যানিশ মডেল জোয়ানা সানজকে বিয়ে করেন আলভেস। প্রায় ৯ বছরের দাম্পত্যের পর ২০২৫ সালের অক্টোবরে তাঁদের এক কন্যাসন্তান জন্মায়। ১৩ নভেম্বর ইনস্টাগ্রামে এক অনুসারী জোয়ানার কাছে জানতে চান, তিনি স্বামীর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যান কি না। জবাবে জোয়ানা লিখেছেন, “আমি (ধর্মে) বিশ্বাসী নই। সে যা করছে, যত বেশি দেখছি, ধর্মের প্রতি আমার দূরত্ব তত বাড়ছে। একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি। ঠিক এই কারণেই।”

এভাবেই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুজনের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। সাংবাদিক হাভি ওয়োসের বরাতে জানা গেছে, ধর্মীয় প্রচারের কাজে আলভেসের ঘন ঘন বিদেশ সফরের কারণে জোয়ানা একা হয়ে পড়েছিলেন।

এরপর ১৫ নভেম্বর ‘মিনিস্তেরিও দে আদোরাসিওন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলভেসের একটি ধর্মীয় বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বলেছিলেন, কারাগারের কঠিন সময়ে বন্ধু ও কাছের মানুষরা সরে গেলেও যিশু তাঁর পাশে ছিলেন। এর প্রতিক্রিয়ায় ১৬ নভেম্বর জোয়ানা লেখেন, “তোমার সাহস কত, প্রকাশ্যে বলছ যে শুধু যিশু পাশে ছিলেন।” জোয়ানার দাবি, কারাগারে তিনি আলভেসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং পরিবারের বদলে স্বামীর সঙ্গে বড়দিন কাটিয়েছেন। এমনকি নিজের অর্থে আলভেসের বিল ও ঋণ মিটিয়েছেন তিনি। জোয়ানার আরও অভিযোগ, একসময় আলভেসই তাঁকে দূরে ঠেলে দিয়েছিলেন। সামাজিক মাধ্যমে করা এই ব্যক্তিগত দাবিগুলোর বিষয়ে আলভেস এখনো কোনো জবাব দেননি।

এরই মাঝে সামনে এসেছে একটি আর্থিক মামলা। ১২ নভেম্বর সাও পাওলোর একটি আদালত আলভেসের দুটি সম্পত্তি ও একটি পোর্শে গাড়ির মালিকানা হস্তান্তর অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। জিএডি ফুন্দো দি ইনভেস্তিমেন্তো এম দিরেইতোস ক্রেদিতোরিওস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান প্রায় ৭০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা) পাওনা দাবি করে এই মামলা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ২০২১ সালে সাও পাওলো ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের পর আলভেসের পাওনা অর্থের অধিকার তারা কিনে নেয়, কিন্তু চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়নি।

লাখ লাখ ইউরো আয় করা মানুষটি কারাগারে সামান্য কিছু টাকা পেয়ে বেশি সুখী ছিলেন। হয়তো তাঁর কাছে সেই সুখের অর্থ ছিল অনুশোচনা থেকে মুক্তি এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। তবে আদালতের নির্দেশটি সম্পত্তি বাজেয়াপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত নয়, মামলাটি এখনো বিচারাধীন এবং ৭০ লাখ রিয়ালের দাবিটি এখনো চূড়ান্তভাবে প্রমাণিত দেনা নয়। এই বিষয়ে আলভেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

একজন মানুষের জীবনে যেন একসাথে অনেকগুলো ম্যাচ চলছে। ঘরে বিচ্ছেদের টানাপোড়েন, আদালতে আর্থিক মামলা এবং সামাজিক মাধ্যমে ব্যক্তিগত অভিযোগ-পাল্টা অভিযোগ। আর সেই মানুষটিই ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে বলছেন, তিনি মুক্ত।

কে ঠিক আর কে ভুল, তা বলা কঠিন। আদালতের রায়, জোয়ানার অভিযোগ এবং আলভেসের নিজস্ব বিশ্বাস—এই তিনটির ভিড়ে মাথায় ঘুরতে থাকে তাঁর সেই কথা—১১৩ ইউরো পেয়েই আমি বেশি খুশি ছিলাম!

ফুটবল মাঠে আলভেস জানতেন, ডান প্রান্ত দিয়ে যত দূর এগোনো যায়, ফিরে আসার পথটাও তত লম্বা হয়। আক্রমণে উঠে যাওয়া ফুলব্যাকের সবচেয়ে বড় ঝুঁকি হলো পেছনে পড়ে থাকা ফাঁকা জায়গা। বল হারালে সেই ফাঁক দিয়েই প্রতিপক্ষ আঘাত করে। জীবনের মাঠেও আলভেস হয়তো অনেক দূর এগিয়ে গেছেন, কিন্তু পেছনে পড়ে থাকা ভাঙা সম্পর্ক, পুরোনো দেনা আর না-বলা কথাগুলোর ফাঁক গলে ঠিকই হানা দেয় বাস্তবতা। আর সেই ভার নিয়েই তিনি হাঁটছেন—নিজের মতো করে, হয়তো একটু একা।