ফেসবুকের নিউজফিডে স্ক্রল করার সময় আমাদের বুড়ো আঙুল বড়জোর দুই-তিন সেকেন্ডের জন্য থামে। আর এই সামান্য সময়ের মধ্যেই আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি কে এখানে নায়ক আর কে খলনায়ক। পুরো ঘটনাটি গভীরভাবে জানার অবকাশ থাকে না। একটি ছোট ক্লিপ, সাথে একটি ক্যাপশন এবং নিচে কয়েক হাজার মন্তব্য—এই তিনের মেলবন্ধনেই শেষ হয়ে যায় বিচার প্রক্রিয়া।
আর এই ডিজিটাল বিচারের সর্বশেষ আসামি হয়ে দাঁড়িয়েছেন ফুটবলার রাফিনিয়া।
কয়েক দিন আগে বার্সেলোনার অফিশিয়াল চ্যানেলে দেওয়া রাফিনিয়ার একটি সাক্ষাৎকারের ছোট একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, তিনি ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তির কাছে অনুরোধ করছেন যেন জাতীয় দলে খেলোয়াড়দের মাঠে থাকার সময় ‘সতর্কভাবে ব্যবস্থাপনা’ করা হয়। তাঁর এই অনুরোধের মূল উদ্দেশ্য ছিল ফুটবলাররা যেন অতিরিক্ত ক্লান্ত হয়ে না পড়েন।
কিন্তু ভিডিও ক্লিপটি এমনভাবে কেটে প্রচার করা হয়েছে, যা শুনলে মনে হয় তিনি সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। যেন ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামার আগ্রহটুকুও তাঁর আর নেই। এভাবে রাফিনিয়ার বক্তব্যের এক ভিন্ন ও ভুল ব্যাখ্যা দাঁড় করানো হয়।
ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবোর সাংবাদিক ডগলাস চেকোনেলো লিখেছেন, সমর্থকদের মধ্যে এই ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার কারণে এখন বার্সেলোনার এই ফরোয়ার্ডের কপালে জুটেছে ‘জাতীয় বেইমান’ তকমা। অথচ সাক্ষাৎকারের পুরো উত্তরটি দেখলে আসল বিষয়টি পরিষ্কার হয়ে যেত। রাফিনিয়া সেখানে বুঝিয়েছিলেন যে, সম্ভাব্য চোট জাতীয় দলেরই ক্ষতি করতে পারে। এক লাইনের এই ব্যাখ্যাটুকু শোনার ধৈর্য কারও ছিল না।
প্রশ্ন জাগে, জাতীয় দলের কোচকে এই অনুরোধ করা কি খুব অযৌক্তিক কিছু? বরং ব্রাজিলের হয়ে রাফিনিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখলে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলাটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে মার্কিনিওস খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড পরানো হয়েছে রাফিনিয়ার হাতে। অর্থাৎ, কোচিং স্টাফের কাছে তাঁর অবস্থান মোটেও দুর্বল হয়নি। হতেও পারত না, কারণ আনচেলত্তি নিশ্চয়ই কোনো ‘জাতীয় বেইমান’–কে অধিনায়ক হিসেবে বেছে নিতেন না!
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য রাফিনিয়া আগেভাগেই অস্ত্রোপচার করিয়ে নিয়েছিলেন। বার্সেলোনা চেয়েছিল আন্তর্জাতিক বিরতির সময়ে এই অস্ত্রোপচার করতে। কিন্তু রাফিনিয়া অপেক্ষা করেননি; জাতীয় দলের হয়ে খেলার তাড়নায় তিনি নিজের চিকিৎসার সময়সূচি পর্যন্ত এগিয়ে এনেছিলেন। যে মানুষটি ক্লাবের সঙ্গে কথা বলে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন যেন হলুদ জার্সিতে ফিরতে পারেন, তাঁকে নিয়ে প্রশ্ন তোলা কতটা যুক্তিযুক্ত?
সাক্ষাৎকারে এই বিষয়টি আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন রাফিনিয়া। আনচেলত্তির সঙ্গে নিজের কথোপকথনের কথা উল্লেখ করে বার্সেলোনার এই ফরোয়ার্ড জানিয়েছেন, শারীরিক অবস্থা যতটা অনুমতি দেবে, ব্রাজিলের হয়ে ততটা সময়ই তিনি খেলতে চান। তাঁর ভাষায়, ‘সম্ভব প্রতিটি মিনিটই’ মাঠে থাকতে চান।
অবশ্য রাফিনিয়াকে সমালোচনা করার সুযোগ রয়েছে। ক্লাবে তিনি যে মানের ফুটবল খেলছেন, জাতীয় দলের হয়ে এখনো সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি। তবে সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার দায় কি রাফিনিয়ার ওপর চাপানো ঠিক হবে? গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই তিনি চোটের কবলে পড়েছিলেন এবং এরপর পুরো টুর্নামেন্টে আর খেলতে পারেননি। যে খেলোয়াড় একটি টুর্নামেন্টে কার্যত অংশ নিতেই পারেননি, তাঁকে ব্যর্থতার ভাগীদার করাটা কতটা যৌক্তিক তা ভেবে দেখার বিষয়।
বাস্তবতা হলো, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলার বিলাসিতা ব্রাজিলের নেই। আনচেলত্তির সামনে এখন আরও জরুরি কিছু কাজ রয়েছে। সামনের ম্যাচগুলোর আগে দলকে গুছিয়ে নেওয়াই তাঁর প্রধান দায়িত্ব। রাফিনিয়াকে সমস্যার অংশ না ভেবে বরং সমাধানের অংশ হিসেবে দেখা উচিত। আনচেলত্তিও সম্ভবত বিষয়টি অনুধাবন করতে পারছেন।
বার্সেলোনায় হান্সি ফ্লিকের অধীনে রাফিনিয়ার ভূমিকায় পরিবর্তন এসেছে। উইঙ্গার হিসেবে খেলার পাশাপাশি এখন তাঁকে আক্রমণের কেন্দ্রে বা মাঝমাঠে বেশি দেখা যাচ্ছে। আনচেলত্তিও জাতীয় দলে তাঁকে একই পজিশনে ব্যবহার করার পরিকল্পনা করছেন। নতুন মৌসুমের শুরুতে এই পরিবর্তন রাফিনিয়ার ফুটবলকে আরও ধারালো করেছে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৪ ম্যাচে তাঁর গোল ১৯টি। বার্সেলোনার আক্রমণে তাঁর প্রভাব কতটা, এই পরিসংখ্যানই তার প্রমাণ।
তবে ক্লাবের ফুটবল জাতীয় দলে হুবহু প্রয়োগ করা সহজ নয়। বার্সেলোনা বলের দখল ধরে রেখে পরিকল্পিতভাবে আক্রমণ সাজায়, যেখানে পাসের ছন্দ ও বল নিয়ন্ত্রণের অভ্যাস প্রবল। অন্যদিকে ব্রাজিলের খেলার ধরন আলাদা; সেখানে গতি বেশি এবং অনেক সময় আক্রমণে তাড়াহুড়ো থাকে। ফলে বার্সেলোনায় রাফিনিয়া যে ভূমিকা পালন করেন, ব্রাজিলের হয়ে সেটি করতে গেলে কৌশলগত কিছু পরিবর্তন প্রয়োজন। খেলোয়াড়কে বদলানোর চেয়ে দলের খেলার ধরন তাঁর উপযোগী করে তোলাটাই এখন বেশি জরুরি। আনচেলত্তির সামনে এটাই এখন বড় চ্যালেঞ্জ।
সুতরাং, প্রসঙ্গের বাইরে একটি মন্তব্য শুনেই রাফিনিয়াকে ‘জাতীয় বেইমান’ বানিয়ে ফেলাটা কোনো গঠনমূলক কাজ নয়। যে মানুষ অস্ত্রোপচারের টেবিলে শুয়েও জাতীয় দলের ক্যাম্পের তারিখ হিসাব করেন, তাঁর দেশপ্রেম মাপার জন্য একটি ছোট ক্লিপ যথেষ্ট নয়। রাফিনিয়া ব্রাজিলের সমস্যার নাম নন, বরং তিনি হতে পারেন ব্রাজিলের সামনে পড়ে থাকা অনেক সমস্যার সমাধান।