রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং থানা ও পুলিশের স্থাপনায় হামলার ঘটনায় নাশকতার অর্থের উৎস ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্তে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় অর্থের জোগানদাতা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানো ব্যক্তি এবং বিস্ফোরক তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছেন গোয়েন্দারা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতার কয়েকটি ঘটনায় অর্থের বিনিময়ে লোকজনকে সম্পৃক্ত করার তথ্য পাওয়া গেছে। অর্থের লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার কয়েকটি বিকাশ ও নগদ নম্বর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় টাকা পাঠানোর তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
ইতোমধ্যে এ ধরনের কয়েকশ মোবাইল নম্বর শনাক্ত করা হয়েছে। নম্বরগুলোর লেনদেনের ইতিহাস এবং প্রকৃত ব্যবহারকারীর পরিচয় যাচাই চলছে। তবে শনাক্ত হওয়া সব নম্বরের সঙ্গে নাশকতার সরাসরি সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।
ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এলাকার কিছু ব্যক্তির বিকাশ নম্বর ব্যবহার করে রাজধানী ও আশপাশের এলাকায় অর্থ সরবরাহের তথ্য পাওয়া গেছে। প্রযুক্তিগত তথ্য যাচাইয়ে নাশকতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করেই ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে।’
তিনি বলেন, ‘চলতি মাসে দুটি রাজনৈতিক কর্মসূচি হয়েছে। কর্মসূচি সামনে রেখে নিজেদের অস্তিত্ব জানান দিতে সংশ্লিষ্টরা তৎপর হয়েছেন। গ্রেপ্তারদের অধিকাংশই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। তাদের কেউ কেউ অর্থের বিনিময়ে এসব কাজে জড়িয়েছেন। অর্থদাতাদের কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
আড়ালে ককটেল তৈরির কারিগর
নাশকতার ঘটনায় মাঠপর্যায়ে যারা ককটেল নিক্ষেপ করছে, তারাই সব ক্ষেত্রে এসব বিস্ফোরক তৈরি করছে না বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ধারণা, বিস্ফোরক প্রস্তুত, সরবরাহ ও হামলা পরিচালনার কাজে পৃথক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে। বিভিন্ন এলাকায় আলাদা কারিগর ও সরবরাহকারী গ্রুপ সক্রিয় থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, হামলাকারীদের শনাক্ত করা গেলেও বিস্ফোরক তৈরির কারিগর ও সরবরাহকারীদের পরিচয় বের করা কঠিন হয়ে পড়ছে। কারা এসব বিস্ফোরক তৈরি করছে, কোথা থেকে সেগুলো সংগ্রহ করা হচ্ছে এবং কীভাবে হামলাকারীদের হাতে পৌঁছাচ্ছে, তা জানতে কাজ করছেন তারা। একই সরবরাহব্যবস্থার মাধ্যমে বিভিন্ন এলাকায় হামলা পরিচালিত হচ্ছে কি না, সেটিও তদন্তের বিষয়।
ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে তিন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ছিল ককটেল। এসব বিস্ফোরণে সাধারণত শব্দ ও ধোঁয়া সৃষ্টি হয়। কয়েকটি স্থানে হাতবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে, যেগুলোতে হতাহতের ঝুঁকি রয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। এ ধরনের হামলায় যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি মানুষের অগ্নিদগ্ধ হওয়া ও প্রাণহানির আশঙ্কা থাকে। পেট্রোল বোমার ব্যবহার বাড়লে জননিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গোয়েন্দা সূত্র জানায়, গত ১০ নভেম্বর ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে এসব ঘটনার ধারাবাহিকতা অব্যাহত থাকে।
একই নেটওয়ার্কের সূত্র খুঁজছে পুলিশ সদরদপ্তর
দেশের বিভিন্ন স্থানে একই ধরনের নাশকতার ঘটনায় পরিকল্পিত কোনো নেটওয়ার্ক কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ সদরদপ্তর। এ জন্য জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হামলার ধরণ, সময় ও স্থান বিশ্লেষণ করে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটছে, নাকি নির্দিষ্ট পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত হচ্ছে, তা নিশ্চিত হতে চায় পুলিশ। পাশাপাশি নাশকতার পেছনে অর্থদাতা, পরিকল্পনাকারী, বিস্ফোরক সরবরাহকারী ও মাঠপর্যায়ের ব্যক্তিদের মধ্যে যোগাযোগের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব ব্যক্তির মধ্যে সাংগঠনিক যোগাযোগের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’