কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এক দিনমজুরের বাড়িতে তিন মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ ওই ব্যক্তির দাবি, তার বাড়িতে মাত্র একটি বাতি ও একটি ফ্যান ব্যবহৃত হয় এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। সীমিত বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এমন অস্বাভাবিক বিলের মুখে পড়ে চরম বিপাকে পড়েছে ছয় সদস্যের এই পরিবারটি।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর ইউনুস আলীর সংসার চলে দিন এনে দিন খেয়ে। তার একমাত্র সম্বল হলো আড়াই শতক ভিটেমাটি, যেখানে পরিবারের ছয় সদস্যকে নিয়ে তিনি বসবাস করেন।

বিদ্যুৎ বিলের কাগজ পর্যালোচনা করে দেখা গেছে, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে এসেছে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলীর দাবি, তার বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম বলতে তেমন কিছু নেই। শুধু ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এত অল্প বিদ্যুৎ ব্যবহারের পরও কীভাবে প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হচ্ছে, তা তার বোধগম্য নয়।

তিনি বলেন, “অস্বাভাবিক বিল পাওয়ার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তার।” পরে বাধ্য হয়ে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

দিনমজুরি করে সংসার চালানো ইউনুস আলীর পক্ষে একসঙ্গে এত বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব। ফলে এই বিলের বোঝা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, “কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাকে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? তারা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি আরও বলেন, “প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।”