নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিলের পরিমাণ নিয়ে কথা-কাটাকাটির জেরে এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, বিল আদায়ের সময় কর্মীকে গালিগালাজ এবং কর্মকর্তাকে হুমকি দেওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার বসতঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সংযোগ পুনরায় দেওয়া হয়নি। বিদ্যুৎহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই পরিবারটি।

স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবার এবং মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের মোট বিদ্যুৎ বিল ৩ হাজার ১০০ টাকা এসেছিল স্বপন মিয়ার নামে, যা পরিবারটি পরিশোধ করে। এরপর অক্টোবর মাসের বিল আসে ৮৭০ টাকা। বৃহস্পতিবার দুপুরে ওই বিল পৌঁছে দিতে বাড়িতে যান পল্লী বিদ্যুতের মিটার রিডিং কাম মেসেঞ্জার (এমআরসি) রাশেদ মিয়া। সেই সময় বিলের পরিমাণ নিয়ে স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

রাশেদ মিয়া এই বিষয়টি মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের আওতাধীন আদর্শনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হামিদুর রহমানকে জানান। পরবর্তীতে তিনি বিষয়টি উপজেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইমদাদুল হককে অবহিত করেন। এরপরই ডিজিএম-এর নির্দেশে ওই দিন বিকেলে স্বপন মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হামিদুর রহমান বলেন, ‘পল্লী বিদ্যুতের কর্মী রাশেদ মিয়া আমাকে জানিয়েছেন, বিল দিতে গেলে ওই গ্রাহক তাঁকে সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি ডিজিএমের হাত কেটে ফেলার হুমকিও দেন। বিষয়টি ডিজিএমকে জানানোর পর তাঁর নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

অন্যদিকে, আজ সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে কথা বলেন স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার। তিনি দাবি করেন, বিদ্যুতের কর্মী রাশেদ মিয়াকে কোনো গালিগালাজ বা অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। তিনি কেবল জানতে চেয়েছিলেন যে, এত বেশি বিদ্যুৎ বিল কেন এসেছে। জবাবে রাশেদ মিয়া তাঁকে অফিসের লোকজনের সঙ্গে কথা বলতে বলেন। তখন আসমা আক্তার বলেন, ‘আমি কেন অফিসের লোকজনের কাছে যাব? আপনি বিল লিখে নিয়ে যান। আপনারা যে হিসাব দেবেন, সেই অনুযায়ী বিল আসে।’

আসমা আক্তারের ভাষ্যমতে, এরপর রাশেদ মিয়া মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। পরে বিকেলে মোটরসাইকেলে করে একজন বয়স্ক লোককে নিয়ে এসে বলেন, তাঁদের মিটার পরীক্ষা করে দেখা হবে বিল ঠিক আছে কি না। এরপর তাঁরা মিটার থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান। তারপর থেকেই তাঁদের ঘরে বিদ্যুৎ নেই।

আসমা আক্তার আরও জানান, ‘আমাদের বাড়িতে আমি ও আমার স্বামী থাকি। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে মাদ্রাসায় থাকে। তাই বিদ্যুৎ খরচও বেশি হওয়ার কথা নয়। অথচ বিল অনেক বেশি আসে। বাড়িতে একটি ফ্রিজ, দুটি লাইট ও ফ্যান চলে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।’

এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে রাশেদ মিয়া মুঠোফোনে কোনো সাড়া দেননি। তবে ডিজিএম ইমদাদুল হক মুক্তকণ্ঠকে মুঠোফোনে বলেন, ওই গ্রাহকের মিটার ও রিডিংয়ে কোনো সমস্যা নেই। তারপরও বিল দিতে গেলে কর্মীদের গালিগালাজ এবং তাঁরও (ডিজিএম) হাত কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছেন। এ কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গ্রাহকের সংযোগ এভাবে বিচ্ছিন্ন করা আইনসংগত কি না, জানতে চাইলে ইমদাদুল হক বলেন, তাঁদের আইনে এ ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি আলোচনা করা হবে। ভবিষ্যতে এমন আচরণ করবেন না, এমন নিশ্চয়তা পেলে সংযোগ পুনঃস্থাপন করা হবে।

এ বিষয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আলমের সঙ্গে কথা হয়। প্রথমে তিনি বিষয়টি জানেন না জানিয়ে খোঁজ নেওয়ার কথা বলেন এবং মন্তব্য করেন যে, এভাবে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হয়নি। গ্রাহককে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই বুঝতেন।

পরবর্তীতে খোঁজ নিয়ে শাহ আলম মুক্তকণ্ঠকে জানান, ওই গ্রাহক পল্লী বিদ্যুতের কর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলে তাঁকে জানানো হয়েছে। এ কারণে ডিজিএম সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি ডিজিএমকে স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে গ্রাহকের সঙ্গে কথা বলে সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা করতে বলেছেন।