চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক বার্তা পাঠিয়ে তাঁকে এই হুমকি দেওয়া হয়। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

গত বুধবার রাতে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দিয়ে বার্তাগুলো পাঠানো হয়। ঘটনার ওই দিনই থানায় জিডি করেন ওসি। তবে আজ শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, হুমকি প্রদানকারী ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।

সাধারণ ডায়েরির বিবরণ অনুযায়ী, ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে এই হুমকিগুলো দেওয়া হয়। একটি খুদে বার্তায় ওই ব্যক্তি উল্লেখ করেন, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’ এছাড়া আরেকটি খুদে বার্তায় লেখা হয়, ‘তোর পরিবার শেষ করে দেব, তোর বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস, নাইলে রাস্তায় পড়ে থাকবি।’

এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি ছাত্রলীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার করছি, এমন অভিযোগ তুলে বিদেশি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপের একটি আইডি থেকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।’ তিনি আরও জানান, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি। এই হুমকির ঘটনার পর নিজের নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এমন হুমকিতে আমি ভীত না।’