চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে ওসি ও তার পরিবারসহ পুরো বংশ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই হুমকির পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

জিডির বিবরণ অনুযায়ী, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে একটি হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হয়। নম্বরটি দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত (+২৭৭৩৬৩৫৬৪২৩) এবং সেখানে ইংরেজিতে ‘এন এম জামাল’ নামটি ব্যবহার করা হয়েছে। ওই নম্বর থেকেই ওসির সরকারি মোবাইল ফোনে একের পর এক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

শুরুতে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। এরপর ওসিকে সতর্ক করে বলা হয়, তিনি যদি তার বর্তমান কার্যক্রম অব্যাহত রাখেন, তবে খুব শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী বার্তাগুলোতে স্পষ্টভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়।

একটি বার্তায় হুমকি দিয়ে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’

অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সবশেষে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এভাবে একাধিকবার ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে জিডি করেন ওসি আব্দুল হালিম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি জানান, ‘থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রমে ছিলাম। ওই সময় মেসেজটি পাই।’

তিনি আরও বলেন, ‘সাধারণত দায়িত্ব পালন করতে গিয়ে একটি গোষ্ঠী আমাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। তবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। নম্বরটি দেশ থেকে ব্যবহার করা হতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনা বেশি। বিদেশি নম্বর হওয়ায় শনাক্ত করতে সময় লাগবে। আমি এসবে ভয় পাই না।’