মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চার ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা শূন্যরেখায় অবস্থান করার পর আজ শুক্রবার সকালে ওই চারজনকে পুনরায় ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

রংমহল বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত দুইটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফটক খুলে চারজন পুরুষকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি দ্রুত টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেয় এবং ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়। এরপর তারা দীর্ঘ সময় শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিএসএফ সদস্যরা কাঁটাতারের ফটক খুলে চারজনকে বাংলাদেশের দিকে ঠেলে দিলেও বিজিবির সদস্যদের দৃঢ় বাধায় তারা ভেতরে ঢুকতে পারে না। ফলে ওই চারজন দীর্ঘ সময় শূন্যরেখায় অপেক্ষা করেন। অবশেষে আজ সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ পুনরায় ফটক খুলে তাঁদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “গতকাল গভীর রাতে সীমান্তের ওপারে ট্রাক চলাচলের শব্দ শুনে বিজিবির সদস্যরা সতর্ক হন। রাত দুইটার দিকে বিএসএফের সদস্যরা কাঁটাতারের ফটক খুলে চারজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেন। বিজিবির সদস্যদের বাধায় ওই চারজন দীর্ঘ সময় শূন্যরেখায় অপেক্ষা করেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ ফটক খুলে তাঁদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।”

স্থানীয় কৃষক জিয়ারুল মিয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “কপির খেতে কাজ করতে গিয়ে দেখি, চারজন ব্যাগ নিয়ে খেতের এক পাশে বসে আছেন। বিজিবির সদস্যরা মাইকে তাঁদের বারবার ফেরত যাওয়ার ঘোষণা দিচ্ছিলেন। একপর্যায়ে বিএসএফ কাঁটাতারের ফটক খুলে তাঁদের আবার ভারতে নিয়ে যায়।”

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল মুক্তকণ্ঠকে বলেন, “গভীর রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবির টহল দলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় এ ধরনের চেষ্টা প্রতিহত করা হবে।”