জয়পুরহাটের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ঠেলে পাঠানো তিন যুবককে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে বিএসএফ ওই তিন যুবককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। এরপর তাঁরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন। তাঁদের গতিবিধি ও পোশাক দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, “ওই তিনজনের পরনের কাপড় ভেজা দেখে সন্দেহ হয়। এরপর তাঁরা ঘটনা খুলে বলেন।”

সন্দেহভাজন ওই তিন যুবককে আটক করে স্থানীয় লোকজন দ্রুত বিজিবিকে খবর জানান। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাঁদের উদ্ধার করে এবং ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে পুনরায় ভারতীয় সীমান্তের ভেতরে পাঠিয়ে দেন।

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প এবং বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রাথমিক এই বৈঠকে সমস্যার কোনো সমাধান হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি। আরও চার ঘণ্টা পর পতাকা বৈঠক হওয়ার কথা আছে।”

দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর সীমান্তে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের ওপর বিজিবি সদস্যদের সঙ্গে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পাহারা দিচ্ছেন। সেই সময় তিন যুবক ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

অন্যদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই কিশোর ও দুই তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৪৪০ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার-সংলগ্ন শারিয়ালজোত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার হাফিজুল ইসলাম (২১) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার শিপন মিয়া (১৯)। এছাড়া বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপির সদস্যরা সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে চারজন বাংলাদেশি তরুণ ও কিশোরকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। পালানোর চেষ্টা ব্যর্থ হলে চারজনকেই আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন যে, কাজের সন্ধানেই তাঁরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “ওই চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, বিজিবি বাদী হয়ে এই ঘটনায় মামলা করা হয়েছে। তিনি বলেন, “এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”