কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে বস্তাবন্দি মালামাল নামানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই আকস্মিক বিস্ফোরণে ভাঙারি বিক্রেতা ও দোকানমালিক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় তাদের দুজনের পায়েই গভীর ক্ষত তৈরি হয়েছে। দ্রুত উদ্ধার করে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে। শহরের মজমপুর এলাকায় রেললাইনের পাশে অবস্থিত রুহুল আমিনের ভাঙারির দোকানে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে দোকানমালিক রুহুল আমিন।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুসারে জানা যায়, সুমন বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে বিক্রি করেন। শুক্রবার দুপুরে তিনি শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তাবন্দি কিছু মালামাল রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন। দোকানের সামনেই যখন বস্তাটি নামানো হয়, ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল মারাত্মকভাবে আহত হন এবং মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। আহত দুজন সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের দেওয়া বক্তব্য এবং উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এতে কোনো বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল কি না, তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক তসলিম মুক্তকণ্ঠকে বলেন, “সুমন কাস্টম মোড় থেকে বস্তাভর্তি মালামাল তার রিকশায় করে মজমপুরে নিয়ে আসেন। ২০ টাকা ভাড়ার চুক্তি হয়েছিল। সেখানে পৌঁছানোর পর ভাড়া দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি সামনে এগিয়ে যান। এর মধ্যে সুমন বস্তাটি রুহুলের দোকানের সামনে নামান। নামানোর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।”

ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন জানান, দোকানে বস্তা রাখার পরপরই বিস্ফোরণটি ঘটে। বস্তার ভেতরে ঠিক কী ছিল, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, “দোকানে বস্তা রাখার পরপরই বিস্ফোরণ ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানেন না। তবে সেখানে প্লাস্টিকের মালামাল ছিল বলে জানতেন। এটি বোমা কি না, তা-ও নিশ্চিত নন তিনি।”

স্থানীয় বাসিন্দা রাজন জানান, জুমার নামাজ শেষে তিনি বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে তিনি দেখেন, সুমন ও রুহুল রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে আছেন। তবে ঠিক কী থেকে এই বিস্ফোরণ ঘটেছে, তা তিনি বুঝতে পারেননি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান মুক্তকণ্ঠকে বলেন, “বিকেল সোয়া ৩টার দিকে বিস্ফোরণে আহত সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাঁ পায়ে বেশি ক্ষত হয়েছে। সেখানে গভীর ক্ষত রয়েছে। অন্যদিকে রুহুলের ডান পায়েও আঘাত লেগেছে।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “শুক্রবার জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে মজমপুরে রেললাইনের পাশে রুহুলের ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সুমন বস্তাভর্তি ভাঙারির মালামাল নিয়ে সেখানে এসেছিলেন। বিস্ফোরণে আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা যাবে।”