কুষ্টিয়ার মিরপুরে সড়কে বিকল হয়ে পড়ে থাকা একটি পাখিভ্যানের পেছন থেকে একটি বাসের ধাক্কা লাগার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী ভানুমতি (৫৫) এবং পাখিভ্যানচালক কামরুল ইসলাম (৩৩)। দুর্ঘটনায় ভানুমতির মেয়ে হাসিনা আহত হন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে সদরপুর মাদ্রাসার সামনে একটি পাখিভ্যানের এক্সেল ভেঙে যায় এবং সেটি সড়কে পড়ে যায়। ঠিক সেই সময় পেছন থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস এসে ভ্যানটিকে জোরে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী ভানুমতি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া তার মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক কামরুল ইসলামের মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।"