বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে রোগী নিয়ে পাঁচজন সিএনজিচালিত অটোরিকশায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও তিনজন।
ওসি রইচ উদ্দিন বলেন, "আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"