কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন কিশোরকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে পুলিশ তাদের হেফাজতে নেয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের ওয়াদ মালিথা (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন নিহত ওয়াদ মালিথা। এ সময় খলিশাকুন্ডির দিকে যাওয়া একটি মোটরসাইকেলে চার কিশোর দ্রুতগতিতে আসছিল। পথিমধ্যে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশে বসে থাকা ওয়াদ মালিথাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও, আরোহী অপর তিন কিশোরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। স্থানীয়দের দাবি, আটক ও পলাতক কিশোররা পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের বাসিন্দা।
এ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়ামারা ও ভেড়ামারা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"