কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে গোলাম কিবরিয়া লালন নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ ওঠে। পরে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শিক্ষক লালন মন্তব্য করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা দাবি করে, একপর্যায়ে শিক্ষক লালন প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর কথা বলেন, যা শ্রেণিকক্ষে অসন্তোষ সৃষ্টি করে। ক্লাস শেষে বিষয়টি বাড়িতে জানানোর পর তা অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।
বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রধান শিক্ষক বলেন, জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করলেও প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তার বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য করেছেন বলে জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।