কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল এবং রহস্যময় চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। ওই চিরকুটে দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের আগামী ১০-১২ দিনের মধ্যে 'ভালো-মন্দ খেয়ে নেওয়ার' হুমকি দেওয়া হয়েছে। এই অদ্ভুত ও ভীতিকর ঘটনার পর স্থানীয় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে। এখানে ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুলের (৪২) বাড়িতে এই সামগ্রীগুলো রাখা হয়েছে। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক মুক্তকণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীদের মধ্যে বাচ্চু মালিথা পেশায় একজন কৃষক এবং মনিরুল স্থানীয় বাজারে ওষুধের দোকান পরিচালনা করেন। উভয় পরিবারের সদস্যদের দাবি, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাঁদের বাড়িতে এসব সামগ্রী রেখে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদস্যরা কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও হুমকি লেখা চিরকুটগুলো দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, “বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।” অন্যদিকে, মনিরুলের বাড়িতে পাওয়া চিরকুটেও প্রায় একই ধরনের কথা লেখা ছিল, যেখানে বলা হয়েছে, “মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।”

কাফনের কাপড় ও হুমকিচিঠি পাওয়ার পর থেকে গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন দুই পরিবারের সদস্যরা। মনিরুল জানান, “সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বাচ্চু মালিথাও থানায় আমার সাথে ছিলেন।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান মুক্তকণ্ঠকে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগীদের থানায় জিডি করতে বলা হয়েছিল। তাঁরা জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।