কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নদীতে ছিটকে পড়েছে শতাধিক যাত্রীবাহী একটি পিকনিক নৌকা। এ দুর্ঘটনায় তিনজন যাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে দুই নিখোঁজের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রকি এবং একই উপজেলার কবিরপুরের লিটন। অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে আনুমানিক ১৩০ জন যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে আসছিল নৌকাটি। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী ছিটকে নদীতে পড়ে যান।

ধাক্কার পর নৌকাটি আরও স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নৌকাটি নিয়ন্ত্রণে এনে তীরে নেওয়া সম্ভব হয়। তবে তিনজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে ওহাব নামে একজনকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "এটা শৈলকুপার কবিরপুরের একটা ব্যবসায়িক টিমের পিকনিকের নৌকা ছিল। তারা ভেড়ামারা সোলেমান শাহ মাজারের এখানে এসেছিল। তিনজন নিখোঁজ রয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি।"

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, কন্ট্রোলিং অফিসার ঘটনাস্থলে চলে গেছেন। পদ্মায় প্রবল স্রোত থাকায় নিখোঁজ তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই নৌকায় মোট ১১০ জন ছিলেন। তিনি আরও জানান, রাতে উদ্ধার করা না গেলে বিভাগীয় ডুবুরি এনে উদ্ধার অভিযান চালানো হবে।