কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ এবং পরবর্তীতে সেগুলোকে নদীতে ডুবিয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংস পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে চারটি স্পিডবোট চলাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে আতঙ্কিত হয়ে অপর পক্ষের সদস্যরা স্পিডবোট দুটি নদীর তীরে রেখে দ্রুত পালিয়ে যান। এরপর প্রতিপক্ষ সেখানে এসে স্পিডবোট দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত সেই স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নদীতীরবর্তী পানবরজে কাজ করছিলেন স্থানীয় কিছু চাষি। তাঁদের ভাষ্যমতে, ঘটনার সময় তাঁরা কয়েকটি গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই তাঁরা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে জানা গেছে।

এই বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, “ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেবে।”

ঘটনার বিষয়ে রাত আটটার দিকে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কাজ করছে। কাজ শেষ করে এলে বিস্তারিত জানা যাবে। তারা স্পিডবোট খুঁজছে।”