কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর তীব্র স্রোতে পিকনিকের একটি নৌকার দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হার্ডিং ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রকি এবং একই উপজেলার কবিরপুরের লিটনসহ মোট ১১০ জন যাত্রী নিয়ে নৌকাটি ভেড়ামারা সোলেমান শাহ মাজারে পিকনিক শেষে কুষ্টিয়ার দিকে ফিরছিল। হার্ডিং ব্রিজ এলাকায় পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে নৌকাটি ব্রিজের একটি পিলারে জোরে ধাক্কা খায়। ধাক্কায় নৌকায় থাকা কিছু যাত্রী ছিটকে নদীতে পড়ে যান। এরপর নৌকাটি স্রোতের টানে ভেসে গিয়ে লালন শাহ সেতুর কাছেও ধাক্কা খায়। পরে স্থানীয়রা নৌকাটি নিয়ন্ত্রণে এনে তীরে নামাতে সক্ষম হন।

দুর্ঘটনার পর নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা অভিযান শুরু করেন। প্রথমে চারজন নিখোঁজ থাকলেও পরে ওহাব নামে একজনকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে: শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রকি এবং কবিরপুরের লিটন। অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "এটি শৈলকুপার কবিরপুরের একটি ব্যবসায়িক দলের পিকনিকের নৌকা ছিল। তারা ভেড়ামারা সোলেমান শাহ মাজারে এসেছিল। তিনজন নিখোঁজ রয়েছেন। আমি ঘটনাস্থলে আছি।"

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, কন্ট্রোলিং অফিসার ঘটনাস্থলে উপস্থিত আছেন। পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে রাতেই নিখোঁজ তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। যদি রাতে উদ্ধার না করা সম্ভব হয়, তবে বিভাগীয় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালানো হবে।