হাসপাতালের ভেতরে এখন আর কোনো জায়গা নেই। শিশু ওয়ার্ডের প্রতিটি শয্যায় ঠাঁই হয়েছে একাধিক রোগীর। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, অসুস্থ শিশুরা মেঝে এবং বারান্দায় শুয়ে চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন। এরপরেও জায়গার অভাব থাকায় হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে শিশুদের নিয়ে বসে আছেন দিশেহারা স্বজনরা। কারও কোলে জ্বরে আক্রান্ত শিশু, আবার কেউ ডায়রিয়ায় আক্রান্ত সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। শীতের শুরুতেই নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এমন করুণ চিত্র পরিলক্ষিত হচ্ছে।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথেই শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও হাসপাতালের শয্যার সংখ্যা সেই অনুপাতে বাড়েনি। ফলে চিকিৎসা নিতে আসা শিশু এবং তাদের অভিভাবকেরা একদিকে যেমন অসুস্থতার যন্ত্রণায় ভুগছেন, অন্যদিকে জায়গা না পাওয়ার চরম ভোগান্তিতে পড়ছেন।

গত শুক্রবার (২০ নভেম্বর) সকালে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর প্রচণ্ড চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। পর্যাপ্ত শয্যার অভাবে অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে ৪৯ জন এবং শিশু ওয়ার্ডে ৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুক্রবার নতুন করে আরও ৭ জন শিশু ভর্তি হয়েছে। শীতের শুরুতেই রোগীর সংখ্যা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় নির্ধারিত শয্যার বাইরে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে কর্তৃপক্ষকে।

তবে রোগীর চাপের পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ডায়রিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। কয়েক দিন ধরে জমে থাকা এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার উপদ্রবও বেড়েছে। ডায়রিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের ওয়ার্ডে এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।

ডায়রিয়ায় আক্রান্ত শিশু কানিজ ফাতেমাকে নিয়ে হাসপাতালে এসেছেন তার মা রুমি আক্তার। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “শীত আসার পর তার মেয়ে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। গতকাল হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসা চলছে, কিন্তু কোনো শয্যা পাননি; বাধ্য হয়ে মেঝেতে রেখেই চিকিৎসা নিতে হচ্ছে।”

আরেক শিশুর স্বজন কামরুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত ছোট জায়গায় এত রোগী, এখানে চিকিৎসা নেওয়া সম্ভব? শিশুদের এই ওয়ার্ড একটু বড় করা প্রয়োজন কি না, আপনি বলুন। এখানে চিকিৎসা নিতে এসে তো মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। এখন না থেকে উপায়ও নেই, তাই বাধ্য হয়ে এভাবেই চিকিৎসা নিচ্ছি।”

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌস জানান, শীত শুরু হওয়ার পর থেকেই শিশু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রতিদিন অনেক শিশু চিকিৎসা নিতে আসছে। তিনি বলেন, “আমার সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করছি।”

শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোপনিউমোনিয়া ও ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রকোপ বেড়েছে। পাশাপাশি ডায়রিয়াজনিত অসুস্থতাও বাড়ছে।

তিনি আরও পরামর্শ দিয়ে বলেন, শীতের সময়ে শিশুদের সুস্থ রাখতে পরিষ্কার ও নিরাপদ খাবার দিতে হবে। পর্যাপ্ত শীতের পোশাক পরাতে হবে এবং যথাসম্ভব ঘরে নিরাপদে রাখতে হবে। কোনো শিশু অসুস্থ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের যথাযথভাবে দেখভাল করা হচ্ছে এবং প্রতিদিন হাসপাতাল পরিষ্কার করা হয়। তিনি উল্লেখ করেন, শীত শুরু হওয়ায় শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ সময়ে অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে।