চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, সজিব এ এলাকায় কিশোর গ্যাংয়ের মূল হোতা। সে যাকে পেত, তাকেই মারধর করত। আমরা তার ফাঁসি চাই।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলেকে সজিব হত্যা করেছে। আমি এর ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। সজিব আমার ছেলের কাছে চাঁদা চেয়েছিল। না দেওয়ায় সেদিন মারধরের ঘটনার পর ভেবেছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সজিব নামের একজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেসহ আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে, কেউ রেহাই পাবে না।
এদিকে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।