কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তাঁর মাকে নৃশংসভাবে হত্যার দায়ে একমাত্র আসামি মোবারক হোসেনের (২৯) মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছির আরাফাত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কবিরাজ মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) আবদুল মোতালেব মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (২০০৩ সালে সংশোধিত)–এর ৯(২) ধারায় ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে মোবারককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় তাহমিনা বেগমকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা নগরের বাগিচাগাঁও কাজীবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। পেশায় কবিরাজ হিসেবে বিভিন্ন স্থানে ঝাড়ফুঁক করার পাশাপাশি তিনি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন বলে জানা গেছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকায় একটি ভাড়া বাসায় ওই শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে পুলিশ ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হলেও পরবর্তীতে তদন্তে মোবারকের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং ৯ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিনই কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের মাধ্যমে ছাত্রীকে বশে এনে ধর্ষণ করেছিলেন মোবারক। এই ঘটনা দেখে ফেলায় তিনি তাঁর মাকে হত্যা করেন এবং পরবর্তীতে ছাত্রীকেও হত্যা করেন।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন মামলার বাদী। তিনি বলেন, ‘আসামি মোবারকের ন্যক্কারজনক ঘটনার কারণে আমি আমার মা ও একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লাগলেও তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুত রায় ঘোষণা করেছেন। আমি চাই, এই রায় দ্রুত বাস্তবায়ন হোক।’
অন্যদিকে, আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আয়েশা বেগম জানান, এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না এবং ভিডিও ফুটেজ নিয়েও কিছু বিতর্কের জায়গা ছিল। তবে ডিএনএ পরীক্ষায় কিছু আলামত পাওয়া যাওয়ায় তাঁদের পক্ষে যুক্তি তুলে ধরা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
রায় ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে আসামি মোবারক হোসেনকে এজলাস থেকে আদালত পুলিশের হেফাজতে নেওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ছাত্রীর সহপাঠীসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আসামিকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে আসামি ও পুলিশ সদস্যরা দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাঁদের পেছনে ধাওয়া করেন। পরবর্তীতে কিছুটা দূরে পুলিশ সদস্য ও আইনজীবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই বিশৃঙ্খলা প্রসঙ্গে আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “এটা তেমন বড় কোনো ঘটনা নয়। এজলাস থেকে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় শিক্ষার্থীরা একটু বিশৃঙ্খলার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। আসামির ওপর হামলা বা অন্য কোনো ঘটনা ঘটেনি। নিয়ম অনুযায়ী আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।”