আম্পায়ারের পকেটে সাধারণত কী থাকে? একটি কয়েন, হয়তো একটি রুমাল কিংবা কখনো একটি ক্যাপ। কিন্তু কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের সময়ে আম্পায়ারদের পকেটে মাঝেমধ্যে জায়গা করে নিত কিছু মিষ্টি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বাঁহাতি পেসার বোলিং মার্কে যাওয়ার আগে আম্পায়ারের হাতে মিষ্টি দিয়ে যেতেন, যা ছিল বেশ অদ্ভুত এক দৃশ্য। তবে এই অদ্ভুত আচরণের পেছনে লুকিয়ে ছিল এক করুণ গল্প।

যিনি বল হাতে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন, সেই মানুষটিই তখন লড়ছিলেন এক অদৃশ্য শত্রুর সঙ্গে। লড়াইটি ছিল নিজের শরীরের এবং রক্তে শর্করার ওঠানামার। নিজের আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’-এ ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আম্পায়ারদের কাছে কয়েকটা মিষ্টি রেখে দিলে মাঝেমধ্যে কাজে দিত, যদি হঠাৎ আমার রক্তে শর্করা কমে যায়।’

ঘটনাটি ১৯৯৭ সালের। আগের বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কা তখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান দল। শারজায় আকাই সিঙ্গার চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিম যেন নিজের ছায়া দেখছিলেন। প্রবল ক্ষুধা লাগছিল, অথচ ওজন কমছিল। সাথে ছিল ক্লান্তি ও মাথাব্যথা। শরীর যেন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অধিনায়কত্ব ছেড়ে তিনি লন্ডনে গিয়েছিলেন তাঁর কাঁধের অস্ত্রোপচার করা চিকিৎসকের কাছে ফলোআপের জন্য। সেখানেই টেলিটেক্সটে জানতে পারেন, দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁর নাম নেই। তবে সেই মুহূর্তে সেটিই তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল না।

করাচিতে ফিরে পিআইএর হয়ে অ্যালায়েড ব্যাংকের বিপক্ষে একটি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ ওভার কোনোমতে বোলিং করেন তিনি। ব্যাটিং করার সময় সুইপ শট খেলতে গিয়ে দুই হ্যামস্ট্রিংয়েই টান খেলেন। তা সত্ত্বেও মঈন খানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে ৫৯ রান সংগ্রহ করেন। এরপর লাহোরে ফিরে তিনি অনুভব করেন, শরীর আর চলছে না। চরম ক্লান্তিতে ভেঙে পড়েন তিনি। তখন তাঁর বাবা চৌধুরী মোহাম্মদ আকরাম প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি ডায়াবেটিস চেক করিয়েছ?’

ডায়াবেটিস আসলে কী, সে সম্পর্কে ওয়াসিমের তেমন কোনো ধারণা ছিল না। তবে রক্ত পরীক্ষা করার পর সামনে এল এক ভয়াবহ তথ্য। সুস্থ মানুষের রক্তে শর্করার মাত্রা যেখানে ১১০ থাকার কথা, সেখানে তাঁর ছিল ৪৪০! একজন ফাস্ট বোলারের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কী হতে পারে!

নিজের ফিটনেস নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন ওয়াসিম। তাই ডায়াবেটিস ধরা পড়ার খবরটি তাঁর কাছে ছিল এক ‘বিধ্বংসী আঘাত’। তাঁর ভাষায়, ‘আমি কোনো ডায়াবেটিসের রোগী চিনতাম না। কোনো অ্যাথলেটের ডায়াবেটিস আছে, এমনও আমার জানা ছিল না।’

বাবা তাঁকে নিয়ে গেলেন লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজের অধ্যাপক ফয়সাল মাসুদের কাছে। চিকিৎসকের সামনে বসে ওয়াসিমের প্রথম প্রশ্ন ছিল, ‘আমি কি ক্রিকেট খেলতে পারব?’ চিকিৎসক উত্তর দিলেন, ‘হ্যাঁ। তবে আপনাকে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে হবে।’ এরপরের প্রশ্নটি ছিল আরও সরল, ‘সুগার লেভেল কী?’

এভাবেই শুরু হলো তাঁর জন্য এক নতুন পাঠশালা। কী খেলে রক্তে শর্করা বাড়ে, শরীরে গ্লুকোজ কীভাবে তৈরি হয় এবং অগ্ন্যাশয় থেকে পর্যাপ্ত ইনসুলিন না এলে বাইরে থেকে তা কীভাবে নিতে হয়—সবই তাঁকে শিখতে হলো। ইনসুলিন নেওয়ার সময় ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কেও জানতে হলো। বদলে ফেলতে হলো দীর্ঘদিনের খাদ্যাভ্যাস। ভারী কার্বোহাইড্রেট ও তেলে ভাজা খাবারের বদলে তালিকায় এল শাকসবজি ও সালাদ। আকরাম তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘তত দিন পর্যন্ত আমি প্লেটে যা পেতাম, সবই খেয়ে ফেলতাম।’

বর্তমান সময়ের মতো তখন ইনসুলিন নেওয়া সহজ ছিল না। বোতল ও সুঁই ছিল অনেক বড়। সেগুলো জীবাণুমুক্ত করে ফ্রিজে রাখতে হতো। শরীর নিয়ে যিনি কখনো খুব বেশি ভাবেননি, তাঁর জন্য নিজের চিকিৎসক হয়ে ওঠাটা ছিল অত্যন্ত কঠিন। আকরামের ভাষায়, ‘প্রতিদিন আমি এর সঙ্গে কুস্তি করতাম।’

এই কঠিন সময়ে পাশে ছিলেন তাঁর প্রয়াত স্ত্রী হুমা। তাঁর উৎসাহে ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করেন আকরাম। পাকিস্তান ক্রিকেটেও তখন তাঁর প্রয়োজন ছিল। নতুন পিসিবি চেয়ারম্যান খালিদ মাহমুদ তাঁকে দলের বাইরে রাখতে রাজি ছিলেন না। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে ফিরলেন ওয়াসিম আকরাম। তবে আগের সেই গতি ও সহ্যশক্তি আর ছিল না। সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ২৫.৩ গড়ে ১৫২ রান করেন এবং ১৭ গড়ে নেন ১৫ উইকেট। নিজের সীমাবদ্ধতা বুঝতে পেরে তিনি অভিজ্ঞতা ও বুদ্ধির ওপর নির্ভর করতে শুরু করেন। তিনি বলেন, ‘আমি জানতাম, আমি গতি আর সহনশীলতা হারিয়েছি, তাই নিজের বুদ্ধিমত্তার ওপর ভরসা করেছি।’

তবে একটি বিষয় তিনি সবার কাছ থেকে গোপন রেখেছিলেন—তা হলো তাঁর ডায়াবেটিসের কথা। আকরাম আত্মজীবনীতে লিখেছেন, পাকিস্তানে ইনসুলিন নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত ছিল এবং এখনো আছে। তাই মাঠে চলত এক অদ্ভুত সমীকরণ। কত গরম, কতক্ষণ বোলিং করতে হবে এবং কখন রক্তে শর্করা কমে যেতে পারে—সবকিছুর হিসাব রাখতে হতো। হঠাৎ শর্করা কমে গেলে যেন বিপদে পড়তে না হয়, সেজন্যই আম্পায়ারদের কাছে মিষ্টি রেখে দিতেন তিনি।

শরীরের এই লড়াইয়ের মাঝেই ১৯৯৮ সালে যুক্ত হয় আরেক বিপদ—ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত। আদালতে সতীর্থরা একদিকে বসতেন, আর ওয়াসিম একা থাকতেন অন্যদিকে। তাঁর মনে হতো, তিনি যেন কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত। মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে বিষণ্নতার পাশাপাশি ডায়াবেটিসও আরও খারাপ হয়ে যায়। তবু তিনি ক্রিকেট ছাড়েননি।

১৯৯৯ সালে চেন্নাই টেস্টের কথা মনে করা যেতে পারে। ভারতের বিপক্ষে পাকিস্তানের সেই ১২ রানের জয়। প্রখর রোদে ৪২ ওভার বোলিং করেছিলেন ওয়াসিম। তিনি রাহুল দ্রাবিড়কে বোল্ড করেন। শেষ বিকেলে শচীন টেন্ডুলকারের বিপক্ষে সাকলাইন মুশতাকের বলে ৩০ গজের বৃত্তে একমাত্র ফিল্ডার ছিলেন তিনি এবং ক্যাচও নিয়েছিলেন। পাকিস্তান জিতেছিল সেই ম্যাচে।

মজার বিষয় হলো, আত্মজীবনীতে ওই ম্যাচের বর্ণনায় ডায়াবেটিসের কথা নেই। তবে ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, তিনি কত বড় লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একদিকে চেন্নাইয়ের অসহ্য গরম, অন্যদিকে রক্তে শর্করার হিসাব—তার মধ্যেই খেলেছেন টেস্ট ক্রিকেটের অন্যতম স্মরণীয় ম্যাচ। পরে সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে বলেছেন, ‘পরে জেনে আমি অবাক হয়েছি যে ওয়াসিম তাঁর ক্রিকেটের এত বড় অংশ খেলেছেন টাইপ ১ ডায়াবেটিস নিয়ে। এতে তাঁর অর্জন আরও উল্লেখযোগ্য হয়ে ওঠে।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও লড়াই শেষ হয়নি। বরং শুরু হয়েছিল জীবনের আরেক কঠিন অধ্যায়। অবসরের পর ওয়াসিম আকরাম কোকেনের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। সেই সময়ে ডায়াবেটিসের যত্ন নেওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিলেন তিনি। ঘুম হতো না, খেতে পারতেন না; মাথাব্যথা ও মেজাজের ওঠানামা বাড়ছিল। সেই কঠিন সময়েও পাশে ছিলেন হুমা, যিনি ২০০৯ সালে মাত্র ৪২ বছর বয়সে মারা যান।

আকরাম আজও ডায়াবেটিসের সঙ্গে বসবাস করছেন। ৫৬ বছর বয়সে নিজের অবস্থার কথা লিখে তিনি জানান, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে যে ডায়াবেটিস আমাকে আক্রান্ত করেছিল, তা এখনো ভুগিয়ে চলেছে। তবু আমি শক্তিশালী, নিরাপদ আর পরিতৃপ্ত বোধ করি।’

নিজের অভিজ্ঞতাকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ওয়াসিম। ২০০৪ সালের অক্টোবরে সুইস ওষুধ কোম্পানি রশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ডায়াবেটিস সচেতনতা তৈরির কাজে নামেন তিনি। রক্তে গ্লুকোজ মাপার যন্ত্র অ্যাকু-চেকের প্রচারে পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়ায় ঘুরেছেন। এই কাজকে তিনি বলেছেন ‘প্যাশন প্রজেক্ট’। ইনসুলিন পেন প্রস্তুতকারী ডেনিশ প্রতিষ্ঠান নোভো নরডিস্কের সঙ্গেও তাঁর সম্পর্ককে মূল্যবান মনে করেন তিনি। ওয়াসিম আকরামের ব্যাখ্যা অনুযায়ী, উপমহাদেশে ডায়াবেটিস নিয়ে অজ্ঞতা ও ভয় এখনো অনেক বেশি। স্থূলতার কারণে রোগটি ছড়ালেও মানুষ এটি সম্পর্কে যথেষ্ট জানে না।

আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন, ইনসুলিন নিলে আর কখনো তা ছাড়া যাবে না। কেউ আবার অফিসে ডায়াবেটিসের কথা জানাতে ভয় পান। ওয়াসিম আকরাম তাঁদের সামনে নিজের জীবনকেই উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাঁর ভাষায়, রোগ ধরা পড়ার পরও তিনি প্রায় ২৫০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন এবং দুই সন্তানের বাবা হয়েছেন। অর্থাৎ ডায়াবেটিস মানেই জীবনের সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়।

বোলাররা বলেন, রিভার্স সুইং হলো বলকে উল্টো পথে বাঁক খাওয়ানো। ওয়াসিম আকরাম ডায়াবেটিসকেও সেই উল্টো বাঁক খাইয়েছেন। যে রোগটি ভেবেছিল তাঁর ক্যারিয়ার শেষ করে দেবে, সেই রোগটিই তাঁকে লাখো মানুষের ভয় ভাঙানোর এক মুখ বানিয়ে দিয়েছে। আম্পায়ারের পকেটের সেই মিষ্টিগুলো তাই কেবল কৌশল ছিল না, বরং তা ছিল এক মানুষের নিঃশব্দ ঘোষণা: আমি আছি, আমি লড়ছি, আমি খেলছি।