দীর্ঘদিন ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারতীয় অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও যেন সেই সুরই শোনা গেল। দেশের শিল্পপতিদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী এমন কিছু মন্তব্য করেছেন, যা কার্যত রাহুলের অভিযোগগুলোরই প্রতিধ্বনি বলে মনে হচ্ছে।

গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফআইসিসিআই)-এর শতবর্ষ উদযাপনের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি দেশের শিল্পপতিদের কড়া ভাষায় সমালোচনা করেন। মোদি বলেন, “আপনাদের আমি ভরিয়ে দিয়েছি। ঝুড়ি ঝুড়ি সুবিধা দিয়েছি। কিন্তু আপনারা না বাড়িয়েছেন কর্মসংস্থান, না বাড়িয়েছেন কর্মীদের বেতন। কিছুই করেননি আপনারা। শুধু নিয়েই গেছেন।”

সরকার শিল্পবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করলেও শিল্পপতিরা তার যথাযথ প্রতিফলন ঘটিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ক্ষমতায় এসে আমরা শিল্পবাণিজ্যের পরিবেশ সহজ করতে চেয়েছি। কোম্পানি কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছি। আজ কাউকে বছরে ১২ লাখ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হয় না। কিন্তু আপনারা কী করেছেন? নিজেদের শিল্পে কর্মসংস্থান বাড়িয়েছেন? নিজেদের কর্মীদের বেতন বাড়িয়েছেন? কিছুই করেননি আপনারা।”

শিল্পপতিদের মানসিকতা ও সীমাহীন চাহিদাকে কটাক্ষ করে মোদি আরও বলেন, “আপনাদের ভালো করে চিনি। আপনাদের চাহিদার শেষ নেই। যতই খান, আপনাদের পেট ভরে না। এভাবেই চলে আসছে। এভাবেই চলবে।”

উল্লেখ্য, রাহুল গান্ধী দেশ ও বিদেশে বারবার অভিযোগ করে আসছেন যে, অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবি করা হলেও বাস্তবে কর্মসংস্থান কমছে এবং সাধারণ কর্মীদের বেতন বাড়ছে না। দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু শিল্পপতির হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, “সহজ কথা হলো, ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে বসে আছে। এটাই বাস্তব।”

রাহুল গান্ধী আরও দাবি করেন, মোদি সরকারের আমলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মূলত ভারতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি এবং কর্মসংস্থানের প্রধান উৎস। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, “‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্টার্টআপ ইন্ডিয়া’ কী করেছে কেউ জানে না। সরকার লাগাতার পরিষেবা ক্ষেত্রের সাফল্য প্রচার করে চলেছে। অথচ ওই ক্ষেত্রের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সম্ভব নয়। পরিষেবা ক্ষেত্র বড়জোর ৫ শতাংশ কাজ দিতে পারে। প্রয়োজন উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান। অথচ সেখানেই ব্যর্থতা।”

বেসরকারি বিনিয়োগের স্থবিরতা এবং সম্পদের অসম বণ্টন নিয়ে রাহুল বলেছিলেন, “দেশে বেসরকারি বিনিয়োগ থমকে রয়েছে। সমৃদ্ধি স্রেফ হাতে গোনা কয়েকজন শিল্পপতির। গোটা দেশ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে বাস করছে।”

রাহুলের এই মন্তব্যের পর বিজেপি নেতা ও মুখপাত্ররা তাঁর তীব্র সমালোচনা করেন। তাঁরা অভিযোগ করেন, রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়, “রাহুল স্বভাবগত অপরাধী। নৈরাজ্যবাদী। বারবার তিনি এভাবেই দেশের বদনাম করেন। বিদেশে বসে দেশকে অসম্মান করেন। অপমান করেন। তিনি দেশবিরোধী প্রচারের নেতা।”

তবে বিজেপির এই পাল্টা আক্রমণের মাঝেই প্রধানমন্ত্রী মোদি শিল্পপতিদের সামনে যে কঠোর অবস্থান নিলেন, তা ছিল অভূতপূর্ব। তিনি ব্যবসায়ীদের পণ্য বিক্রির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আপনারা ধরেই নিয়েছেন, যা কিছু তৈরি করবেন তা বিক্রি হয়ে যাবে। ১৪০ কোটি মানুষের বাজার। ভাবেন, যা–ই উৎপাদন করবেন, ঠিকই বিক্রি হয়ে যাবে। কেউ না কেউ তা কিনবেনই। বড় শহরে বিক্রি না হলে ছোট শহরে বিক্রি হবে। ছোট শহরে না হলে বড় মফস্‌সল শহরে বিক্রি হবে। সেখানে না হলে বড় গ্রামগঞ্জে হবে। এটা চলতে পারে না।”

পণ্যের গুণমান নিশ্চিত করার তাগিদ দিয়ে মোদি বলেন, “আপনাদের পণ্যের গুণমান বাড়াতেই হবে। আপনাদের কি মনে হয় না, দেশের প্রত্যেক মানুষ মানসম্পন্ন পণ্য কেনার অধিকারী?” এরপর তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “আমার লজ্জা হয়। এই মানসিকতা বদলাতে হবে। দেশের মানুষের উন্নত মানের পণ্য কেনার অধিকার আছে।”

শিল্পপতিদের কঠোর সমালোচনা করলেও প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফল্যের কথা উল্লেখ করতে ভোলেননি। তিনি জানান, ভারত এখন ‘ভঙ্গুর ৫’ অর্থনীতির তালিকা থেকে বেরিয়ে এসেছে এবং প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যখন ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল, তখন দেশের জনসংখ্যা ছিল ৫০ কোটি, তা সত্ত্বেও কেন দারিদ্র্য দূর হয়নি?

প্রধানমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ বা তার বেশি হবে। গত অক্টোবরে পণ্য রপ্তানি প্রায় ৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে, যা এক মাসের হিসেবে সর্বোচ্চ। তবে শিল্পপতিদের প্রতি প্রধানমন্ত্রীর এই বিরল আক্রমণ এবং কঠোর ভাষা কার্যত রাহুল গান্ধীর দীর্ঘদিনের অভিযোগগুলোকেই পরোক্ষভাবে সমর্থন করল বলে মনে করা হচ্ছে, যা গত ১২ বছরে আগে দেখা যায়নি।