মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫১-৪৮ ভোটের ব্যবধানে প্রস্তাবটি বাতিল করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ট্রাম্পের বর্তমান অবস্থানের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করলেন তাঁরা। তবে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে যুদ্ধবিরোধী জনমতকে চিহ্নিত করা হচ্ছে।

প্রস্তাবটি যদি পাস হতো, তবে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হতো অথবা অভিযান অব্যাহত রাখতে হলে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হতো। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের আওতায় এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে এই প্রস্তাবটি পাস হয়েছিল।

সিনেটে এই ভোটাভুটি মূলত দলীয় আনুগত্য অনুযায়ী পরিচালিত হয়েছে। তবে তিনজন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাওস্কি ও কেনটাকির র‍্যান্ড পল এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টির একজন সিনেটর পেনসিলভানিয়ার জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির অবস্থান থেকে নিজেকে সরিয়ে নিয়ে ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা খর্ব করার চেষ্টা এটাই প্রথম নয়। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করতে এর আগেও বেশ কয়েক দফা চেষ্টা চালানো হয়েছে। গত জুনে এই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হলেও পরবর্তীতে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার অন্যান্য উদ্যোগগুলো ব্যর্থ হয়। এবারের প্রস্তাবটির কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না; এটি মূলত একটি প্রতীকী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ট্রাম্প কখনোই কংগ্রেসের অনুমোদন নেননি। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একচ্ছত্র ক্ষমতা কেবল কংগ্রেসেরই রয়েছে।

যুদ্ধ নিয়ে জনমনে অসন্তোষ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোস কর্তৃক পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান কংগ্রেস এমন আইন প্রণয়ন করুক যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হবে। এই ধরনের আইন তৈরির পক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান।

ইউগভের পৃথক এক জরিপেও যুদ্ধের প্রতি জনমতের এই নেতিবাচক প্রতিফলন দেখা গেছে। ওই জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, যেসব প্রার্থী ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তাঁদের সমর্থন করার সম্ভাবনা তাঁদের কম। বিপরীতে মাত্র ১৩ শতাংশ জানিয়েছেন যে, যুদ্ধের সমর্থক প্রার্থীদের প্রতি তাঁদের সমর্থনের সম্ভাবনা বেশি।

যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রবক্তা ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন প্রস্তাবটির পক্ষে ভোট দিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, নির্বাচনের ফলাফলে যুদ্ধ নিয়ে জনগণের অসন্তোষের পাশাপাশি খাদ্য, জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে।

ভোটের আগে টিম কেইন বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলে যুদ্ধটির প্রতি জনগণের অসন্তোষ একেবারে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’