চট্টগ্রামের বিশিষ্ট শিল্পগোষ্ঠী সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে সাতটি পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আদালত সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যান বা ডিজঅনার সংক্রান্ত মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবি করে দায়ের করা ওই পাঁচটি মামলার প্রতিটিতে তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওইদিন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছিল। তবে পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপি হওয়ার অভিযোগে মোহাম্মদ মহসিন এবং তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে চট্টগ্রামের অর্থঋণ আদালত। সেই সময়েই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার খেলাপি ঋণের বিষয়টি সামনে আসে।

এছাড়া, ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে এবং প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের মার্চে দুর্নীতি দমন কমিশন (দুদক) মহসিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে।