‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে চট্টগ্রাম নগর বিএনপি শহরের বিভিন্ন প্রান্তে মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের এক কর্মসূচি গ্রহণ করেছিল। শনিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগ্রাবাদ এলাকাতেও মাইকে গান বাজানো হচ্ছিল। তবে এক পর্যায়ে সেখানে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বেজে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশি সূত্রে জানা গেছে, বিএনপির এই কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। অন্যদিকে, বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি তাঁদের নজরে এলেও ঘটনার বিস্তারিত বিবরণ তাঁরা এখনো জানতে পারেননি।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মাইকে উচ্চস্বরে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। সেই সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ নানা ধরনের যানবাহন চলাচল করছিল।

এই বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল মুক্তকণ্ঠকে বলেন, “বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাঁদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই এক পর্যায়ে ওই গানটি বেজে ওঠে। তবে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।”

ঘটনা প্রসঙ্গে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান মুক্তকণ্ঠকে জানান, বিষয়টি তাঁর জানা নেই। সারাদিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় তিনি এ বিষয়ে অবগত হতে পারেননি। তবে কারা গানটি বাজিয়েছেন, সে বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।