নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধ করতে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছেন জেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে তাদের সতর্ক অবস্থানে থাকার দৃশ্য দেখা গেছে।

সকাল থেকেই শহরের ফৌজদারি মোড়, বকুলতলা মোড়, কম্পপুর মোড়, বিজয় চত্বর এবং বাইপাস মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। রাজপথে অবস্থানকালে তারা দলীয় স্লোগান দিয়ে নিজেদের উপস্থিতি জানান। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা অত্যন্ত সতর্ক ছিলেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচির দোহাই দিয়ে কেউ যেন সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে কিংবা কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেই লক্ষ্যেই তাদের এই অবস্থান বলে জানিয়েছেন দলীয় নেতারা।

জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অতীতে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। এখন কর্মসূচির নামে আবারও কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জামালপুরের মানুষের জানমাল রক্ষা এবং শহরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

তিনি আরও বলেন, “জনগণের জানমালের ক্ষতি হয় কিংবা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, এমন কোনো কর্মকাণ্ড জামালপুরে করতে দেওয়া হবে না। যেকোনো পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবেন।”