আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই বিশেষ দিনে সিপাহি ও জনতার এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তৎকালীন সময়ে দেশের রাজনীতির গতিধারা আমূল পরিবর্তিত হয়েছিল। এই বিশেষ দিনটি স্মরণ করে আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্রে জানা গেছে, এই শোভাযাত্রায় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান নিজে পায়ে হেঁটে অংশগ্রহণ করবেন এবং পুরো কর্মসূচির নেতৃত্ব দেবেন। পরিকল্পনা অনুযায়ী, আজ বিকেল ৩টায় নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রাটি শুরু হবে।

দীর্ঘ দুই দশকের অপেক্ষার পর গত ফেব্রুয়ারিতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে এসেছে। সেই প্রেক্ষিতে, এ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। এই উপলক্ষ্যে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট ৭ দিনের এক বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে স্থায়ী কমিটির নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন তিনি।

দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই র‍্যালির উদ্বোধন করবেন। তিনি আরও জানান, “র‌্যালিটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।”

দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এই কেন্দ্রীয় র‍্যালিতে তারেক রহমান সরাসরি অংশগ্রহণ করবেন। এই আয়োজনকে সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রস্তুতির বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর আগামীর সময়কে বলেন, ‘বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান র‌্যালিতে থাকবেন। স্বাভাবিক কারণেই আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আশা করছি, ঢাকা শহরে স্মরণীয় একটা র‌্যালি অনুষ্ঠিত হবে।’

অন্যদিকে, র‍্যালির প্রস্তুতি প্রসঙ্গে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ‘আমরা সর্বোচ্চ ওরগানাইজড (সুসংগঠিত) করছি। মহানগর, থানা, ওয়ার্ডের নেতাদের নিয়ে একাধিক সভা করেছি। প্রধানমন্ত্রী থাকবেন, নেতাকর্মীদের মধ্যে একটা আলাদা আনন্দ-উদ্দীপনা তৈরি হয়েছে।’

এর আগে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও বিএনপির উদ্যোগে পৃথক র‍্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীর মতো নানা কর্মসূচি পালন করবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল এবং দেশের শৌর্য, বীর্য, সাহস ও সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছিল।’

বাণীতে তিনি আরও বলেন, বাংলাদেশের জন্ম ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় একটি প্রবাদবাক্য প্রণিধানযোগ্য-‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ’। তাই সারা বেলা ইতিহাসচর্চায় মশগুল থাকা যেমন সমীচীন নয়, তেমনি ভবিষ্যতের পথ রচনায় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাও একটি ঐতিহাসিক ভুল।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন।