একটি গাছ, একটি স্বপ্ন এবং সবুজে ঘেরা এক পৃথিবী। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের পৈতৃক জমি বিক্রির অর্থ ব্যয় করে টানা ৩৪ বছর ধরে বৃক্ষরোপণের কাজ করে যাচ্ছেন ভোলার চরফ্যাশনের একজন মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল। রাস্তার পাশে এবং হাটবাজারে তিনি নিজ হাতে রোপণ করেছেন হাজার হাজার গাছের চারা। তার লাগানো সারি সারি তালগাছে আমূল বদলে গেছে গ্রামের সড়কের দৃশ্যপট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বন বিভাগের কর্মকর্তারাও তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

পেশায় তিনি মসজিদের ইমাম হলেও গাছ লাগানো যেন তার নেশায় পরিণত হয়েছে। হাতে কোদাল আর গাছের চারা নিয়ে ৩৪ বছর ধরে সবুজের স্বপ্ন বুনে চলেছেন চরফ্যাশনের ওমরপুর ইউনিয়নের এই বাসিন্দা। নিজের জমি বিক্রির টাকা খরচ করে গ্রামের সড়ক, হাটবাজার, স্কুল-কলেজ ও মসজিদ প্রাঙ্গণে তিনি হাজার হাজার গাছের চারা রোপণ করেছেন।

তবে শুধু চারা রোপণ করেই তিনি দায়িত্ব শেষ করেননি, বরং পরম মমতায় করেছেন সেগুলোর পরিচর্যাও। তার হাতে লাগানো সেই চারাগুলোর অনেকগুলোই আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। কোথাও পথচারীদের দিচ্ছে শীতল ছায়া, আবার কোথাও সারি সারি তালগাছে বদলে গেছে গ্রামের সড়কের চিত্র। একদিকে যেমন রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সবুজে সমৃদ্ধ হচ্ছে চারপাশের পরিবেশ। নিজের স্বপ্ন আর নিরলস প্রচেষ্টায় এভাবেই চারপাশকে সবুজে সাজিয়ে চলেছেন এই বৃক্ষপ্রেমী ইমাম বাবুল হুজুর।

অবসর পেলেই তিনি হাতে তুলে নেন কোদাল আর গাছের চারা। কখনো রাস্তার পাশে মাটি খুঁড়ে লাগান তালগাছ, আবার কখনো রোপণ করেন ফলজ ও ঔষধি গাছ। এভাবেই নিজের অর্থ ও শ্রমে ৩৪ বছর ধরে সবুজের বীজ বুনে চলেছেন রেজাউল কিবরিয়া বাবুল।

বৃক্ষপ্রেমী রেজাউল কিবরিয়া বাবুল জানান, ভোলা একটি উপকূলীয় জেলা। এই জেলার ওপর দিয়ে ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড় থেকে শুরু করে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, সিডর, আইলা, নার্গিস ও মহাসেনের মতো দুর্যোগে অনেক ক্ষতি হয়েছে। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, “আমি ইমামতির পাশাপাশি নিজেও গাছ লাগাই এবং মসজিদের মুসল্লি, এলাকার মানুষ ও সমাজের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করি। বিশেষ করে বাড়ির আশপাশে তালগাছসহ বিভিন্ন ধরনের গাছ লাগানোর পরামর্শ দিই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে।”

বাবুল হুজুর আরও বলেন, “পরিবেশ রক্ষা ও মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবেশ বাঁচাতে আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। সরকারের বৃক্ষরোপণ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমিও সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাই। তবে এ কাজে সরকারি সহযোগিতা ও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।”

জানা গেছে, চরফ্যাশনের ওমরপুর ইউনিয়নের এই ইমাম পৈতৃক সম্পত্তি বিক্রি করে ১৯৯৩ ও ১৯৯৪ সালে প্রায় আট লাখ টাকা ব্যয়ে গড়ে তুলেছিলেন গাছের নার্সারি। সেখান থেকে চারা সংগ্রহ করে নিজে গাছ লাগানোর পাশাপাশি মাইকিং করে বিনামূল্যে বিতরণ করেছেন স্থানীয় মানুষের মধ্যে। তার স্বপ্ন, গ্রামের প্রতিটি সড়ক ও আশপাশের এলাকা ভরে উঠুক সবুজে।

বাবুল হুজুরের প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাই এগিয়ে এলে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা অর্জনেও তাঁর এই প্রচেষ্টা ভূমিকা রাখবে। পাশাপাশি ঝড়ঝঞ্জা থেকে রক্ষা পাবে উপকূল।

শুধু গাছ লাগানো নয়, সেগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেও রয়েছে তার সমান মনোযোগ। গাছ লাগানোকে তিনি দেখেন সদকায়ে জারিয়া হিসেবে। তার বিশ্বাস, মানুষের পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীও গাছ থেকে উপকৃত হলে এর সওয়াব অব্যাহত থাকবে।

এ পর্যন্ত তিনি প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা রোপণ করেছেন। এর মধ্যে তালগাছের বীজ ও চারা রয়েছে ২৫ থেকে ৩০ হাজার। ওমরপুর গ্রামের বাউল সড়কের দুই পাশে সারি সারি তালগাছ এখন তাঁর দীর্ঘদিনের পরিশ্রমের জীবন্ত সাক্ষী। দূর থেকে দেখলে পুরো সড়কটি যেন সবুজের একটি প্রাকৃতিক পথ। গাছের ছায়ায় পথচারী ও কৃষকেরা স্বস্তি পান। স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকজনও এখন এই সড়কের সৌন্দর্য দেখতে আসেন।

যে চারাগুলো একসময় নিজের হাতে মাটিতে পুঁতেছিলেন, সেগুলোর অনেকগুলোই আজ বিশাল বৃক্ষ। পথচারীদের ছায়া দেওয়ার পাশাপাশি বাড়িয়েছে সড়কের সৌন্দর্য। উপকারভোগী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সবার মুখেই এখন বাবুল হুজুরের প্রশংসা।

স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মী তসলিম আকন বলেন, “আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, তিনি প্রতিবছর বর্ষাকালে নিজের উদ্যোগে বিভিন্ন ধরনের গাছ লাগান। আমাদের এলাকার বিভিন্ন স্থানে গাছ লাগানোর ক্ষেত্রে তার অবদান রয়েছে। তিনি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজের আর্থিক সামর্থ্যের বাইরে গিয়েও এই কাজের পেছনে অর্থ ব্যয় করেন। তার এই উদ্যোগের ফলে আমাদের এলাকার পরিবেশ আরও সুন্দর ও বসবাসের উপযোগী হয়ে উঠছে। গাছপালা বেড়ে ওঠায় মানুষ ও পশুপাখির জন্যও তৈরি হচ্ছে অনুকূল পরিবেশ। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তসলিম আকন আরও বলেন, “আমি মনে করি, দেশের প্রতিটি মানুষ যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারেরও এগিয়ে আসা উচিত। যারা ব্যক্তিগত উদ্যোগে এমন ভালো কাজ করছেন, তাঁদের পাশে দাঁড়ানো এবং উৎসাহিত করা প্রয়োজন।”

স্থানীয় শিক্ষক আলমগীর হোসেন বলেন, “বাবুল হুজুর একজন বৃক্ষপ্রেমী মানুষ। তিনি মসজিদে ইমামতি করার পাশাপাশি গাছ লাগাতে ভালোবাসেন। তার রোপণ করা বৃক্ষ আমাদের গ্রামের চিত্র পাল্টে দিয়েছে। এখন দূর-দূরান্ত থেকে তার রোপণ করা তালগাছগুলো দেখতে আসেন মানুষ। কোনো দুর্যোগ এলে আমাদের এলাকার মানুষকে রক্ষা কবচের মতো আগলে রাখে। বাউল সড়কের পাশে তার রোপণ করা তালগাছ থেকে মানুষ থেকে শুরু করে পশুপাখি সবাই সুফল ভোগ করে।”

রেজাউল কিবরিয়া বাবুলের এই উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল। তিনি বলেন, “বাবুলের স্থানীয় উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের এই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, স্থানীয় উদ্যোগে সাধারণ মানুষ বৃক্ষরোপণে এগিয়ে এলে তা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং এর বহুমুখী উপকারিতা রয়েছে। বিশেষ করে ভোলা জেলায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও জনপদ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরিফুল হক বেলাল আরও বলেন, “বাবুল হুজুর বন বিভাগের সামাজিক বনায়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি। তার নার্সারি গড়ে তোলা ও বৃক্ষরোপণের উদ্যোগে শুরুর দিকে বন বিভাগ থেকে কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। তিনি নিজ উদ্যোগে নিঃস্বার্থভাবে পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। বন বিভাগের পক্ষ থেকে তার এই উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী কারিগরি পরামর্শ দেওয়া এবং সরকারি কর্মসূচির আওতায় চারা বিতরণের ক্ষেত্রেও তাকে সহায়তা করা হবে বলে আমরা আশা করি।”

চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, “গাছ লাগানো একটি মহৎ উদ্যোগ ও ভালো অভ্যাস। আমি ইতোমধ্যে রেজাউল করিম সাহেবের লাগানো গাছগুলো সরেজমিনে পরিদর্শন করেছি। তার এই উদ্যোগ সত্যিই অসাধারণ। আমার কাছে তাকে সমাজের একজন সাদা মনের মানুষ বলে মনে হয়েছে। এ ধরনের নিঃস্বার্থ সমাজসেবীদের আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে চাই। আমি আশা করি, বাবুল হুজুরের মতো যারা ব্যক্তিগত উদ্যোগে সামাজিক বনায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের কাজ সরকার যথাযথভাবে মূল্যায়ন করবে।”