পরিবেশ রক্ষায় এবং সবুজের পরিধি বাড়াতে ব্র্যাক ও মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে আড়ং। প্রতিষ্ঠানটির ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ’ (Bring Your Own Bag—BYOB) ক্যাম্পেইনের আওতায় দেশের ৪২টি জেলায় এক লাখেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাম্পেইন থেকে সংগৃহীত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কাজে ব্যয় করা, গ্রামীণ পরিবারগুলোকে সহায়তা প্রদান এবং দেশের সবুজায়ন নিশ্চিত করা।

ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এই উদ্যোগের গুরুত্ব বর্ণনা করে বলেন, ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে—নিজেদের কাছে থাকা ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়া এবং তা আবার ব্যবহার করা। আজ আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট সিদ্ধান্তগুলোই গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।’

প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ের পরিসংখ্যান অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় BYOB ক্যাম্পেইনের ফলে কাগজের ব্যাগের ব্যবহার ৪৬ দশমিক ৮ লাখের বেশি কমানো সম্ভব হয়েছে। এই সাশ্রয় আনুমানিক ৬ হাজার গাছ সংরক্ষণের সমান বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই সময়ে কাগজের ব্যাগ বিক্রি করে মোট ২ কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে। আড়ং এই সম্পূর্ণ অর্থ গাছ রোপণ এবং পরিবেশ পুনরুদ্ধারের কাজে ব্যয় করার অঙ্গীকার করেছে।

সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে ব্র্যাকের ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির আওতায় ৯৫ হাজার ৩৮২টি ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণে অর্থায়ন করেছে আড়ং। দেশের ৪২টি জেলার ২১০টি উপজেলায় ছড়িয়ে থাকা ৪০ হাজার ১টি পরিবারের মাঝে এই চারাগুলো বিতরণ করা হয়েছে। এর ফলে ওই পরিবারগুলো তাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি করতে পারবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি, মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আড়ং ‘মিয়াওয়াকি ফরেস্ট’ গড়ে তোলার কাজ করছে। এই বিশেষ পদ্ধতিতে খুব অল্প জায়গায় দেশীয় প্রজাতির গাছ ঘনভাবে রোপণ করে জীববৈচিত্র্যসমৃদ্ধ একটি নিবিড় সবুজ এলাকা তৈরি করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত মিয়াওয়াকি ফরেস্টে আড়ং তাদের গ্রাহক এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এর ফলে যারা এই ক্যাম্পেইনটিকে সমর্থন জানিয়েছেন, তারা সরাসরি পরিবেশ রক্ষায় অবদান রাখার সুযোগ পেয়েছেন।