টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল ও এর আশপাশের এলাকায় প্রচুর পরিমাণে সুস্বাদু ও পুষ্টিকর আনারস চাষ করা হয়। প্রতি বছর এই চাষের ফলে শত শত টন আনারসের পাতা উৎপন্ন হয়, যা আগে কৃষি বর্জ্য হিসেবে গণ্য করা হতো। কৃষকেরা সাধারণত এই বিপুল পরিমাণ বর্জ্য ক্ষেতেই পুড়িয়ে ফেলতেন অথবা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতেন। তবে বর্তমানে এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে মধুপুরে আনারসের পাতা থেকে সুতা তৈরি করা হচ্ছে এবং সেই সুতা ব্যবহার করে শাড়িসহ বিভিন্ন শৌখিন পণ্য উৎপাদন করা হচ্ছে।

দেশীয় বাজারের পাশাপাশি এই পরিবেশবান্ধব পণ্যগুলো এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে এবং নারীদের বেকারত্ব দূর করে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে ‘ব্যুরো বাংলাদেশ’ এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

মধুপুর বনাঞ্চল ও এর সংলগ্ন এলাকায় মূলত ক্যালেন্ডার জাতের আনারস চাষ হয়। ফল সংগ্রহের পর এই জাতের পরিপক্ক গাছের পাতা সংগ্রহ করা হয়। এরপর ফাইবার এক্সট্রাকশন মেশিনের সাহায্যে পাতা থেকে আঁশ বের করা হয় এবং তা পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। এই প্রক্রিয়াজাত আঁশ থেকেই তৈরি হচ্ছে শাড়ি, ঘর ও অফিসের সৌন্দর্যবর্ধনকারী শোপিস, ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বক্স ও জুয়েলারি বক্সের মতো আকর্ষণীয় পরিবেশবান্ধব পণ্য।

আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে এই আঁশ থেকে কটন বা সুতা তৈরি করা হয়। বিভিন্ন ধাপের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একশর বেশি নারী কর্মী এসব পণ্য তৈরি করছেন। শুরুতে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজ শেখানো হয়। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শাড়ি, ব্লাউজ, গামছা ও ব্যাগসহ নানা ধরনের হস্তশিল্প। বর্তমানে এখানে প্রায় দেড় শতাধিক আইটেমের পণ্য তৈরি হচ্ছে। ব্যুরো বাংলাদেশের এই কারখানায় একটি নিজস্ব শোরুম রয়েছে, যেখানে শাড়ি, ব্লাউজ, গামছা, ব্যাগ, টেবিল ল্যাম্প, জুতা ও ফুলদানিসহ বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে।

২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ব্যুরো বাংলাদেশ এই হস্তশিল্প কারখানাটি প্রতিষ্ঠা করে। এর ফলে শতাধিক বেকার নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং অনেক নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

কারখানায় কর্মরত নারী শ্রমিকেরা জানান, এখানে প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখে তারা এখন সংসারের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ভার বহন করছেন এবং সঞ্চয় করতে পারছেন।

নারী শ্রমিক ফাতেমা বেগম বলেন, “ব্যুরো বাংলাদেশের তত্ত্বাবধানে এই ফ্যাক্টরির কারণে নারীসমাজের অনেক বড় উপকার হয়েছে। অসহায়, গরিব ও বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে। এখানে কাজ করে আমরা এখন স্বাবলম্বী। পরিবারের খরচ চালানোর পাশাপাশি ডিপিএস ও সঞ্চয়পত্র করছি।”

আরেক নারী শ্রমিক রহিমা খাতুন বলেন, “একসময় আমি বেকার ছিলাম। ব্যুরো বাংলাদেশে এসে বেকারত্ব দূর করে এখন স্বাবলম্বী হয়েছি। সংসারের খরচের পাশাপাশি ডিপিএসে সঞ্চয় রাখছি এবং ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি।”

ব্যুরো বাংলাদেশের এজিএম আমির হামজা জানান, মধুপুর অঞ্চলের ক্যালেন্ডার জাতের আনারসের পাতা থেকে সুতা তৈরি করে শাড়ি, ব্যাগ ও জুতা-সহ নানা ধরনের হস্তশিল্প তৈরি করা হচ্ছে। পরিবেশবান্ধব উদ্যোগ হওয়ায় এখানে এক শর ওপরে নারী কর্মী কাজ করছেন। মধুপুরে নারীদের বেকারত্ব নিরসনে এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে ব্যুরো বাংলাদেশ এই পদক্ষেপ নিয়েছে। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মো. মেরাজ উদ্দিন বলেন, “টাঙ্গাইলের মধুপুরে ক্যালেন্ডার জাতের আনারস দিয়ে বিভিন্ন হস্তশিল্প উৎপাদন অত্যন্ত আনন্দদায়ক। এটি একটি সম্ভাবনার খাত। বিসিক সব সময় পরিবেশবান্ধব শিল্পায়নে কাজ করছে। এই শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের মেলায় এসব পণ্য প্রদর্শন করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।”