টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এক মাদক কারবারির বাড়ি থেকে ৪ হাজারের বেশি পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর শহরের টেকিপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি হাফিজ উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। জানা যায়, হাফিজ উদ্দিন মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। তিনি পৌর শহরের টেকিপাড়া এলাকায় তার শ্বশুর সাবেক পৌর কাউন্সিলর মৃত সাখাওয়াত হোসেনের বাড়ির পাশে শ্বশুরের কাছ থেকে পাওয়া ওয়ারিশি জমিতে বাড়ি করে বসবাস করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই হাফিজের কর্মকাণ্ড নিয়ে এলাকায় সন্দেহ ছিল। শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় তাকে চ্যালেঞ্জ করে জানতে চান যে, তার বাড়িতে কি ইয়াবা আছে? পরিস্থিতি খারাপ বুঝতে পেরে হাফিজ দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এরপর স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটিতে অভিযান চালায়। একটি ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের উপস্থিতিতে ইয়াবাগুলো গণনা করা হলে মোট ৪ হাজার পিসের কিছু বেশি পাওয়া যায়।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। পলাতক হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"