দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের এক অধ্যাপক ও সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব, মানসিক হেনস্তা এবং হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী দাবি করেছেন, অধ্যাপক ড. দীপক কুমার সরকার তাকে অশোভন মন্তব্য ও প্রস্তাবের মাধ্যমে হেনস্তা করেছেন। অভিযোগের কথা উল্লেখ করে ওই শিক্ষার্থী জানান, শিক্ষক তাকে বলেছিলেন, ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এই অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
লিখিত অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই শিক্ষার্থীকে বার্তা পাঠান অধ্যাপক ড. দীপক কুমার সরকার। পরদিন সকাল সাড়ে ১০টায় এক বান্ধবীর সঙ্গে তাকে নিজের চেম্বারে এসে দেখা করতে বলা হয়। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে চেম্বারে উপস্থিত হন।
অভিযোগে বলা হয়েছে, চেম্বারে পৌঁছানোর কিছুক্ষণ পর ব্যক্তিগত কথা বলার কথা বলে শিক্ষক ওই শিক্ষার্থীর বান্ধবীকে বাইরে অপেক্ষা করতে বলেন। বান্ধবী চলে যাওয়ার পর শিক্ষক তাকে প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো?’ শিক্ষার্থী যখন তার বাবার কথা জানান, তখন অভিযুক্ত শিক্ষক তার বাবার দিব্যি দিয়ে এই কথোপকথনের কথা কাউকে না জানাতে অনুরোধ করেন।
এরপর ওই শিক্ষক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’
শিক্ষার্থী আরও অভিযোগ করেছেন যে, ওই শিক্ষক তাকে বিকেলে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। এছাড়া এক পর্যায়ে শিক্ষক তার হাত ধরে হ্যান্ডশেক করেন এবং বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’
এই ঘটনায় মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বিষয়টি তার পরিবারকে জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও পুরো ঘটনাটি অবহিত করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষকের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, গত ১৭ জানুয়ারি তার ভাইভা অনুষ্ঠিত হয়। এর আগে ক্লাসের সিআর-এর মাধ্যমে তাকে পুনরায় চেম্বারে ডেকে নেন ওই শিক্ষক। পরিবার এবং শিক্ষকের স্ত্রীকে বিষয়টি জানানোর কারণে ক্ষুব্ধ হয়ে শিক্ষক চেম্বারে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং তাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। যেহেতু ওই শিক্ষকের অধীনে শিক্ষার্থীর দুটি কোর্স রয়েছে, তাই প্রশ্নপত্র তৈরি এবং খাতা মূল্যায়নের ক্ষমতা তার হাতে থাকায় তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এই ধারাবাহিক ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় ওই শিক্ষার্থীকে, যার ফলে তিনি দীর্ঘ সময় ক্লাস করতে পারেননি। অভিযোগকারীর দাবি, আগের ঘটনার জের ধরে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব তার পরীক্ষার ফলাফলেও পড়েছে।
এই অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. দীপক কুমার সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সব কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না। এমন কিছু আমি করিনি।’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।’ পরবর্তীতে তার সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।