সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে জানা গেছে, সংস্থাটি শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে গত ৯ নভেম্বর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি পাঠায়।
কলকাতার সংবাদমাধ্যম 'আরও আনন্দ'-এর এক প্রতিবেদন অনুযায়ী, এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করেছেন তার আইনজীবীরা। তারা এই বিষয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও দ্বারস্থ হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স দ্বিতীয়বারের মতো ই-মেইল পাঠিয়েছে। ওই দুটি গুরুত্বপূর্ণ নথি পুনরায় ফিরে পেতে হলে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স।
গত বৃহস্পতিবার পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত ওকালতনামা সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিপত্রও জমা দিয়েছে ওই আইনি পরামর্শদাতা সংস্থাটি।
ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, সংবাদমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে যে হাইকমিশন তাদের আগের ই-মেইলটি পেয়েছে। তবে গত দশ দিনে তারা কোনো ধরনের জবাব পায়নি। এই কারণেই দ্রুত প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য তারা পুনরায় আবেদন করেছে।
অন্যদিকে, শেখ হাসিনা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চাইলেও এখন পর্যন্ত ঢাকা থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বরং গত ৯ নভেম্বর তার পাসপোর্ট ফেরত চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর বাংলাদেশের একাধিক মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, তাকে (শেখ হাসিনা) নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয়। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) বাতিল করা হয়।
বর্তমানে ভারতে অবস্থান করলেও বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় আইনি নথিগুলো ফিরে পাওয়া শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।