ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক খ্যাতনামা আইনজীবীদের প্রতিষ্ঠান 'ম্যাট্রিক্স চেম্বার্সের' পক্ষ থেকে এই ই-মেইলটি পাঠানো হয়েছে বলে জানা গেছে। উক্ত ই-মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে এই আবেদনের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা। ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, প্রেরিত ই-মেইলটি প্রকৃতপক্ষে শেখ হাসিনারই আবেদন কি না, তা নিশ্চিত করার মতো কোনো প্রমাণ সেখানে নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ওই ই-মেইলের সাথে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো দাপ্তরিক নথি কিংবা প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করা হয়নি।