ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট প্রদান করে না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে যথাযথ সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তিনি পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই।” তিনি আরও জানান, যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান, তবে তার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া বিদ্যমান। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই প্রেক্ষিতে তিনি বলেন, “তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।”

ঘটনার সূত্রপাত হয় যখন দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইলের মাধ্যমে আবেদন করে। জানা গেছে, দিল্লির বাংলাদেশ মিশন থেকে ওই ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তবে ঢাকার বেশ কিছু কূটনৈতিক সূত্র দাবি করেছে, আবেদনটি যে প্রকৃতপক্ষে শেখ হাসিনারই, তা নিশ্চিত করার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। সাধারণত কোনো প্রতিষ্ঠান যখন কারও পক্ষে আবেদন করে, তখন সেই ব্যক্তির যথাযথ অথরাইজেশন থাকা বাধ্যতামূলক।

যুক্তরাজ্যের ওই আইনি পরামর্শক সংস্থার আবেদনের ভিত্তি নিয়ে কথা বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একে লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল (ক্লায়েন্ট) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন।”

বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে ওই প্রতিষ্ঠানের নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাঁদেরই লজ্জিত করবে।

পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। একটি চিঠির বরাতে রয়টার্স এই খবর প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বসনে থাকা তাঁর এই পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।