ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে ব্যাপক অসংগতি রয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বিভিন্ন বক্তব্য তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনার বিষয়ে সরকারের প্রকৃত অবস্থান আসলে কী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ নম্বর বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদানকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন। দিনের ওই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘জীবিত ও মৃত’-এর কাদম্বিনী চরিত্রের প্রসঙ্গ টেনে আনেন রুমিন ফারহানা। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা বর্তমানে দেশে না থাকলেও বিভিন্ন মাধ্যমে তিনি প্রতিনিয়ত নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো এর সর্বশেষ উদাহরণ হিসেবে তিনি বর্ণনা করেন।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গত ৩ নভেম্বর উপদেষ্টা জানিয়েছিলেন, “শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একটাই। সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না।”

মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক— তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের কথা তুলে ধরে রুমিন জানান, শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন ওই উপদেষ্টা।

এর বিপরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের অবস্থান তুলে ধরে রুমিন বলেন, গত ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, “বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।” একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা বলেছিলেন প্রতিমন্ত্রী।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যও উদ্ধৃত করেন রুমিন। তিনি জানান, গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনের সত্যতা তখনো যাচাই করা হয়নি। আবেদনের আইনি ভিত্তি আছে কি না, তা পরীক্ষা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রুমিন আরও জানান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভর করছে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই— আইনমন্ত্রীর এমন বক্তব্যও সংসদে তুলে ধরেন রুমিন ফারহানা।

সরকারের বক্তব্যের এই অসংগতিগুলো বিশ্লেষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা যেখানে শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন পাসপোর্ট দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করা হয়নি, অথচ একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওই আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন।

শেখ হাসিনার দেশে ফেরা এবং পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এমন ভিন্ন ভিন্ন ও পরস্পরবিরোধী বক্তব্য আসায় সরকারের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।

তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য শেষ করার আগেই নির্ধারিত দুই মিনিটের সময়সীমা শেষ হয়ে যায়, যার ফলে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।