পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনও মেটেনি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর মতে, তারা আবারও মানুষ হত্যা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় রিজভী বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে এক হাজার ৪০০ শিশু-কিশোরসহ অসংখ্য মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে না পেরে তারা পালিয়ে গেছে। কিন্তু প্রতিবেশী দেশে অবস্থান করেও তাদের রক্তের নেশা থামেনি। গত দুই-এক দিনের মধ্যে নড়াইলের কালিয়ায় দুজনকে হত্যা করা হয়েছে। ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। তারা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, সরকার সন্ত্রাস দমনে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। রিজভী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইনশাআল্লাহ, তা-ই করা হবে। পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে বিএনপির সমর্থন রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ থেকে মেঠোপথ- সব জায়গায় এসব দুর্বৃত্তকে প্রতিহত করা হবে। যারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় আনবে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব স্পষ্ট করে জানান, কোনোভাবেই রাজপথ ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে সহযোগিতা করা হবে, যাতে আর কোনো মানুষ হত্যার শিকার না হন এবং কারও বাড়ি কিংবা গাড়িতে আগুন দেওয়া না হয়। দেশে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়াই বিএনপির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কার্যক্রমের প্রশংসা করে রিজভী বলেন, সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছে। এখন আর সোনালী ব্যাংক কিংবা বেসিক ব্যাংকের টাকা লুটপাট ও পাচারের অভিযোগ শোনা যায় না। ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রী কিংবা নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যের জমি দখল করে বিত্তবৈভবের মালিক হওয়ার অভিযোগও নেই। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট আমলের ভয় ও ত্রাসের রাজত্ব এখন আর নেই এবং বিরোধী দল কিংবা ভিন্নমতের মানুষও সরকারের বিরুদ্ধে গুম, খুন বা ক্রসফায়ারের সংস্কৃতি চালুর অভিযোগ করতে পারছে না।

এমন একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে বলে জানান রিজভী। তিনি বলেন, এ আন্দোলনে অনেকে সন্তান হারিয়েছেন, কেউ হারিয়েছেন বাবা। অনেকের স্বজনের লাশ পাওয়া গেছে খালের ধারে কিংবা নদীর পাড়ে। শীতলক্ষ্যা নদীর তীরে একসঙ্গে সাতটি লাশ ভেসে ওঠার ঘটনাও ঘটেছে। বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে প্রতিটি মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবেন এবং সংবিধান অনুযায়ী নাগরিকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সনদের কয়েকটি বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে। সেগুলো নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলের নেতাদের ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে।”

সবশেষে তিনি বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। ভয়ংকর দুঃশাসন ও রক্তপিপাসু শাসনব্যবস্থা থেকে দেশকে মুক্ত করতে দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করতে হয়েছে। এ সংগ্রামে শিশু থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জীবন দিয়েছেন। এরপর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার জনগণের সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।