দেশের পাঠক, শিক্ষার্থী এবং ক্রেতাদের জন্য বইয়ের পাশাপাশি উচ্চমানের শিক্ষা উপকরণ ও স্টেশনারি পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে এসিআই এডুলিঙ্ক এবং প্রথমা প্রকাশনের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বই ও শিক্ষা উপকরণ বিপণনকারী দেশের দুটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন ব্যবসায়িক অংশীদারত্বের পথ প্রশস্ত হলো।

এই চুক্তির আওতায় এখন থেকে প্রথমা প্রকাশনের সকল বিক্রয়কেন্দ্র এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড ডেলির বিভিন্ন ধরনের স্টেশনারি পণ্য পাওয়া যাবে। এই তালিকায় শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী এবং দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা ও অফিস উপকরণ অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে প্রথমার গ্রাহকেরা এখন থেকে বই কেনার পাশাপাশি প্রয়োজনীয় মানসম্মত স্টেশনারি পণ্যগুলোও একই স্থান থেকে সংগ্রহ করতে পারবেন, যা তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে আশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথমা প্রকাশনের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথমা প্রকাশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডিয়াস্টার লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অংকুর সাহা এবং এসিআই এডুলিঙ্কের পক্ষে স্বাক্ষর করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) বিজনেস ম্যানেজার কে. এম. আরিফুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই এই অংশীদারত্বকে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, বই ও স্টেশনারি পণ্যের সমন্বিত বিপণন গ্রাহকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি মানসম্মত শিক্ষা উপকরণ সহজে পাওয়ার সুযোগ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজন পূরণেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।

এসিআই এডুলিঙ্কের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা উপকরণ ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে প্রথমা প্রকাশনের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন, বাজারের চাহিদা এবং পরিবর্তিত শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন পণ্য ও সেবা যুক্ত করার বিষয়েও প্রতিষ্ঠানটির পরিকল্পনা রয়েছে।

ডেলির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মানসম্মত স্টেশনারি পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। প্রথমা প্রকাশন দীর্ঘদিন ধরে মানসম্মত ও তথ্যনির্ভর বই প্রকাশ এবং পাঠাভ্যাস বিকাশে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় বইয়ের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পাঠকদের দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের উদ্যোগ প্রথমার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

প্রথমা প্রকাশনের ফিজিক্যাল বিক্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ডেলির পণ্য পাওয়া যাওয়ায় সারা দেশের ক্রেতাদের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এই অংশীদারত্বের মাধ্যমে বই, শিক্ষা উপকরণ ও মানসম্মত স্টেশনারি পণ্যের একটি সমন্বিত কেনাকাটার অভিজ্ঞতা তৈরি হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।