রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারের প্লাজায় সকাল থেকেই কর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কেউ এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বই দেখছিলেন, আবার কেউবা নিজের পছন্দের বইগুলো বাছাই করে নিচ্ছিলেন। কিছু কর্মীকে দেখা গেছে পছন্দের বইয়ের তালিকা তৈরি করতে, যাদের পরিকল্পনা আগামীকাল বই কেনার। সব মিলিয়ে ব্র্যাক কর্মীদের জন্য আয়োজিত এই বইমেলায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

ব্র্যাক এবং প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে আজ সোমবার (৯ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী এই বইমেলা শুরু হয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই আয়োজন। এই মেলা থেকে ব্র্যাকের কর্মীরা বিশেষ ছাড়ে বই সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন।

মেলায় বই পড়ার গুরুত্ব বর্ণনা করে মুক্তকণ্ঠের নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘পৃথিবীকে বুঝতে চাইলে, নিজেদের বুঝতে চাইলে বই পড়ার অভ্যাস করতেই হবে। পৃথিবীতে কী ঘটছে, পৃথিবী কীভাবে সামনে এগোচ্ছে, তা বুঝতে বই পড়ার বিকল্প নেই।’

শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে সাজ্জাদ শরিফ বলেন, ‘একটা মানুষের বই পড়ার অভ্যাস তৈরিতে পরিবারের বিরাট দায়িত্ব আছে। ছোটবেলা থেকেই শিশুদের বই দেওয়ার অভ্যাস করতে হবে। বই উপহার দেওয়ার প্রচলন আবার চালু করা উচিত।’

গল্প ও উপন্যাসের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, গল্প বা উপন্যাস পড়ার মাধ্যমে মানুষ বিভিন্ন চরিত্র ও জীবনের সঙ্গে পরিচিত হয়। এর ফলে মানুষের জীবনযাপন, পারস্পরিক সম্পর্ক ও আচরণের নানা দিক সম্পর্কে জানা সম্ভব হয়। বই মানুষকে তার নিজস্ব জগতের বাইরে অন্য মানুষের জীবন ও অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়।

ব্র্যাকের অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ বলেন, ‘আমরা যে ফিল্ডে কাজ করি, প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তো বই না পড়লে আমরা নতুন কিছু জানব কী করে। নতুন কিছু জানতে হলে বই পড়ার বিকল্প নেই। সকালে মেলার শুরু থেকে আমাদের সহকর্মীদের মধ্যে বই কেনার একটা উৎসাহ, উৎসবমুখর পরিবেশ দেখছি। বাকি দুই দিনে পরিমাণটা আরও বাড়বে বলে মনে করি।’

বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে কে এ এম মোর্শেদ বলেন, ‘নিজের ভেতর থেকে একটা তাড়না আসতে হবে। আমি আসলে নতুন কিছু জানতে চাই—এই আগ্রহটা ভেতর থেকে আসতে হবে।’

ব্র্যাক-প্রথমা বইমেলা আয়োজনের বিষয়ে কে এ এম মোর্শেদ আরও বলেন, ‘নতুন বই কেনার জন্য আমরা বইমেলার অপেক্ষায় থাকি। যদিও এখন অনলাইনে বই কেনা যায়। তবে আমাদের অফিসে এ মেলা হওয়াতে সবার জন্য সুবিধা হয়েছে। কাজের ফাঁকে, মধ্যাহ্নভোজের বিরতিতে বই কেনা যাবে। অত্যন্ত সুন্দর উদ্যোগ।’

এই মেলা উপলক্ষে ব্র্যাক কর্মীরা ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রথমা প্রকাশনের তিনটি আউটলেটেও বিশেষ ছাড়ে বই কিনতে পারবেন। সেখানে প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ শতাংশ, দেশের অন্যান্য প্রকাশনীর বইয়ে ২০ শতাংশ এবং বিদেশি বইয়ের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।