ফরিদপুরের সালথা উপজেলায় রাসায়নিক স্প্রে ব্যবহার করে কাঁচা কলা দ্রুত পাকিয়ে বাজারজাত করার খবর সামনে আসার পর এবার কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিযুক্ত কলা ব্যবসায়ী সেকেন শেখের দোকানে তল্লাশি চালানো হয়। তবে অভিযানের খবর পেয়েই দোকান ফেলে দ্রুত পালিয়ে যান ওই ব্যবসায়ী। পরবর্তীতে তার দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও উপকরণের আলামত উদ্ধার করে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লবদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এই অভিযানটি চালানো হয়। এর আগে বুধবার 'মুক্তকণ্ঠ'-এ কাঁচা কলায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকানোর অভিযোগের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সংবাদের প্রেক্ষিতেই প্রশাসনের এই তৎপরতা শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, ফুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘ দিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে দ্রুত পাকিয়ে বাজারে বিক্রি করছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় কলা পাকতে যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, রাসায়নিকের মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যেই সেগুলোকে বিক্রির উপযোগী করে তোলা হচ্ছে। বাইরে থেকে কলাগুলো দেখতে পাকা ও আকর্ষণীয় মনে হলেও এর ভেতরে কোন ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এনামুল শেখ বলেন, “স্প্রে করা কলা কখনও ভালো হওয়ার নয়। এ ধরনের কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সাধারণ মানুষ বিষয়টি না জেনেই এসব কলা কিনে খাচ্ছেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।”
এর আগে যখন এই অভিযোগের কথা জানানো হয়েছিল, তখন ব্যবসায়ী সেকেন শেখ দাবি করেছিলেন, “এই কলা আমি নিজেও খাই, আমার পরিবারকেও খাওয়াই। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়েছে। আমি আর এই ব্যবসা করব না।”
অভিযান প্রসঙ্গে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, “আমরা যখন অভিযানে যাই, তখন দোকান রেখেই দৌড়ে পালিয়ে যান দোকানদার। এ সময় তার দোকানে প্রবেশ করে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী কী ধরনের স্প্রে ব্যবহার করা হতো, সেসবের আলামত আমরা সংগ্রহ করছি। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”