ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের খদ্দ-লক্ষণদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের খদ্দ-লক্ষণদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান লাভলু ও তিহার উদ্দীন সমর্থনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার খদ্দ-লখণদিয়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বিরোধ সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তেজিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সংঘর্ষে নেতৃত্বদানকারী উভয় পক্ষের নেতাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কল রিসিভ হয়নি।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"