ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধেছে। দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সালথা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাখাওয়াত হোসেন জয়নাল ও অ্যাডভোকেট লাভলুর সমর্থকদের সঙ্গে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আজিজুল হকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত হয়। মাওলানা মো. আজিজুল হকের দাবি, সংঘর্ষের শুরুতেই তার সমর্থকদের তিন থেকে চারজনকে মারধর করা হয়। বিষয়টি জানতে পারা মাত্র তিনি ঘটনাস্থলে যান, কিন্তু সেখানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তার সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি আরও উত্তেজিত হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে ধীরে ধীরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের বিষয়ে অন্য পক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।