ফরিদপুরের সালথা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভবনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে আগুনের ধোঁয়া দেখতে পেয়েই দ্রুত পদক্ষেপ নেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও তাঁর সহকর্মীরা। তাঁদের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভবনটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ভবনে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। ভবনের নিচতলায় আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। এরপর মোটরের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এই ঘটনায় ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, “রাতে আমি নিজের কক্ষে শুয়ে ছিলাম। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে দেখি, আগুন জ্বলছে।”
তিনি আরও জানান, “সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হই। সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এ বিষয়ে জানান, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”