কাঁচা কলায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে মাত্র তিন দিনের মধ্যে পাকিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের সালথা উপজেলার এক কলা ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার বল্লবদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের কলা ব্যবসায়ী সেকেন শেখের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ করেছেন। এ ঘটনায় জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজারের কলা ব্যবসায়ী সেকেন শেখ কাঁচা কলা সংগ্রহের পর তাতে স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকিয়ে বাজারজাত করছেন। তার বাড়ি সালথা উপজেলার রায়েরচর গ্রামে। তিনি ওই গ্রামের বারেক শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাভাবিকভাবে কলা পাকতে যেখানে নির্দিষ্ট সময়ের প্রয়োজন, সেখানে স্প্রে প্রয়োগের মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে কলা পাকানো হচ্ছে। এসব কলা দেখতে পাকা ও আকর্ষণীয় হলেও এর ভেতরে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা এনামুল শেখ বলেন, স্প্রে করা কলা কখনো ভালো হওয়ার নয়। এ ধরনের কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সাধারণ মানুষ বিষয়টি না জেনেই এসব কলা কিনে খাচ্ছেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে কলা ব্যবসায়ী সেকেন শেখ বলেন, এই কলা আমি নিজেও খাই, আমার পরিবারকেও খাওয়াই। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়েছে। আমি আর এই ব্যবসা করব না।

সংশ্লিষ্টদের মতে, ফল পাকানোর ক্ষেত্রে অনুমোদিত পদ্ধতি ও নিরাপদ উপকরণ ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত বাজারজাত করার উদ্দেশ্যে অননুমোদিত বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি মুক্তকণ্ঠকে বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ফল পাকলে এর পুষ্টিগুণ ও ভিটামিনের স্বাভাবিক বিকাশ ঘটে। কিন্তু রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে পাকালে ফলের স্বাভাবিক পুষ্টিগুণ ব্যাহত হতে পারে। অনেক ক্ষেত্রে বাইরে থেকে ফল পাকা মনে হলেও ভেতরে কিছুটা কাঁচা থেকে যায়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় ওই কলা ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, আগামীকালের মধ্যেই এ বিষয়ে একটি ইতিবাচক পদক্ষেপ দেখতে পারবেন। ওই ব্যক্তি যদি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যে ভেজালের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।